প্রতিবেদন: কোয়েল মল্লিকের পর প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ মণীশ গুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার তালিকায় যোগ হল আরও দুটি নাম। যারা ভাবছেন এখানেই শেষ, ভুল ভাবছেন। সূত্রের খবর, এই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম ব্রাত্য বসু। রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে, একুশে জুলাইয়ের মঞ্চেই আনুষ্ঠানিক ভাবে তিনি ঋতব্রতদের শিবিরে যোগ দিতে চলেছেন। তবে সরকারি ব্রাত্য নিজে বা তার ঘনিষ্ঠমহল থেকে এই খবরের কোনও কনফার্মেশন নেই। কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা একুশে জুলাইতেই শিবির বদল করছেন দমদম কেন্দ্রের তৃণমূলের পরাজিত প্রার্থী। কালীঘাট শিবির অবশ্য এসব নিয়ে এখন আর খুব একটা মাথা ঘামাচ্ছে না। এর আগে বৃহস্পতিবারই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিক। সাংসদ পদ ছেড়ে তিনি সোজা গিয়ে দেখা করেছেন বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এতে স্পষ্ট আরও একটা ধাক্কা খেতে চলেছে কালীঘাট তৃণমূল। এই ঘটনার পরই ফেসবুক লাইভে এসে বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা যেতে চান চলে যান, একুশে জুলাইয়ের আগেই চলে যান। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি নতুন করে তৃণমূল কংগ্রেসকে গড়ে তোলবার কাজ শুরু করতে চলেছেন বলেও ঘোষণা করেছেন নেত্রী। এখন দেখার আর কারা একদা ‘প্রিয় নেত্রী’ র হাত ছাড়ে। এরই মধ্যে খবর, রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ও শিবির বদলে ঋতব্রতদের দিকেই হাঁটতে চলেছেন।

Be the first to comment