যত জেল আছে ভরে ফেলুন, মানুষের অধিকার নিয়ে আমাদের লড়াই থামবে না : মমতা

Spread the love

প্রতিবেদন: রাজ্যে এমন একটা সরকার চলছে যারা গণতন্ত্র মানে না। আমাদের কর্মীদের ধরে ধরে জেলে ভরছে। ভরুন, যত ইচ্চে ভরুন। রাজ্যের সব জেল ভরে ফেলুন। কিন্তু জেনে রাখুন মানুষের অধিকার৷ নিয়ে আমাদের লড়াই থামবে না। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ফের ফুসে উঠলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক লাইভে এসে হাঁশিয়ারির সুরে তিনি বলেন, রোজ শুধু গ্রেফতার করা হচ্ছে। কিন্তু জেলে ভরে কি মানুষের কণ্ঠস্বরকে রুখতে পারবেন? তৃণমূলনেত্রী এদিন তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন, এক অগণতান্ত্রিক সরকার চলছে রাজ্যে। বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তৃণমূল কংগ্রেসের নাম ও নিশানা থাকবে না। ভাবুন একবার! রাজা যা বলে, পারিষদ তার চার গুণ। অন্য রাজনৈতিক দলগুলিকে সভার অনুমতি দিলেও তৃণমূলকে দিচ্ছে না। সাধারণ মানুষ-সহ আমাদের কর্মীদের হাজার হাজার কেস দেওয়া হয়েছে। অথচ এরা জানে না এদের অপরাধ কী! জোর করে পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। এটা গণতন্ত্র? এভাবে সরকার চলে?

ডিলিমিটেশন প্রসঙ্গে বলেন, ঘরে বসে ডিলিমিটেশন করছে! সেনসাসের কাজ শুরু হয়েছে। কিন্তু কী আশ্চর্য, কোনও রাজনৈতিক দলকে ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়নি। তা হলে জনগণনায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে, তা কেউ জানে না। আবার যে এসআইআরের পাল্টা নয়া এসআইআর হচ্ছে না, কে বলতে পারে! এসআইআরে তো এখনও ৩২ লক্ষ লোকের নাম ওঠেনি। এর জন্য আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম। ভেবেছিলাম বিচার পাব। কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ-আন্দোলন আর সচেতনতা বৃদ্ধি হওয়ার দরকার। সকলকে একজোট হয়ে লড়তে হবে।

এদিন নেতাজি নিয়ে সরব হন মমতা। বলেন, নেতাজিকে এরা অপমান করছে। অথচ সরকারের কোনও প্রতিবাদ নেই! তবে জেনে রাখুন জনগণ এর প্রতিবাদ করবে। এছাড়াও তিনি অভিযোগ করেন, মন্দিরে প্রণামীও চুরি করছে বিজেপি। পুকুর সংস্কার নিয়ে বর্ধমানে দেখছিলাম লোকের সম্পত্তি হরণ করে নিচ্ছে এরা। হকারদের সরাচ্ছে, কিন্তু বিকল্প ব্যবস্থা হবে না! মানুষ পেনশন পর্যন্ত পাচ্ছে না। বিজেপি বিধায়কের ঔদ্ধত্যে আশাকর্মী মারা যাচ্ছেন। কী পরিস্থিতি! আমি যেতে চাই বাঁকুড়ায়। কিন্তু যেতে দিচ্ছে না। এরা এতটাই প্রতিহিংসাপরায়ণ, ভাবুন আপনারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*