রোজদিন ডেস্ক :
তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চান, এই দাবিতে টালা সেতুর বাতিস্তম্ভে র ওপরে বসে থাকা এক যুবককে নিয়ে আজ হুলুস্থুল বাধে।
আজ বিকেলে আচমকাই একটি বাতিস্তম্ভের নীচে দাঁড়িয়ে তরতরিয়ে উঠে যান তিনি। পরণের জামা খুলে বাতিস্তম্ভে বেঁধে দেন। এরপর পকেট থেকে ফোন বার করে নানা রকম কসরত করে নিজেই তার ভিডিও করেন।
নীচে তখন উৎসাহী জনতার ভিড় জমেছে। অনেকে সেতুর ওপর গাড়ি দাঁড় করিয়ে নেমে যান তাঁকে দেখতে। সমবেত জনতা ওই উত্তুঙ্গ বাতিস্তম্ভ থেকে তাঁকে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু তিনি নারাজ। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী আসে। নানা অনুরোধেও তিনি অটল। প্রায় চল্লিশ মিনিট ওই ভাবে থাকায় জনতা, পুলিশ, দমকলের উদ্বেগের পারদও চড়তে থাকে।
শেষ অবধি পুরসভার গাছ কাটার গাড়ি এনে তাঁকে নামানো হয়। এই ঘটনায় এলাকায় তীব্র যানজটও দেখা দেয়।
যুবককে নামানোর পর উপস্থিত জনতা স্বস্তির নিশ্বাস ফেলেন। ধীরে ধীরে ভিড়ও পাতলা হয়ে যায়। যুবকের মানসিক সুস্থতা নিয়ে তাঁদের অনেকে সন্দেহ ব্যক্ত করেন।

Be the first to comment