প্রতিবেদন: প্রাক্তন ফেডারেশন সভাপতি তথা একদা টলিউডের দণ্ডমুণ্ডের কর্তা স্বরূপ বিশ্বাস নাকি তাঁর শ্লীলতাহানি করেননি। এমনকী অভিযুক্ত স্বরূপ বিশ্বাসের সঙ্গে নাকি তাঁর কখনও দেখাই হয়নি। এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একদা অভিযোগকারিনী ওই মেকআপ আর্টিস্ট। সেই সঙ্গে স্বরূপের বিরুদ্ধে করা অভিযোগও প্রত্যাহার করে নিলেন তিনি। শুক্রবার বেশি রাতের দিকে ফেসবুকে এই কথা জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন ওই মহিলা মেকআপ আর্টিস্ট। মনে রাখা দরকার তাঁর এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন স্বরূপ। এর আগে পালাবদলের পর গত জুন মাসে শ্লীলতাহানি, তোলাবাজি এবং অস্ত্র আইনে অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় ওই মেকআপ আর্টিস্টের অভিযোগেই বিপাকে পড়েন স্বরূপ। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন দাবি করে সেই মামলা প্রত্যাহার করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে করা কেস তুলে নিয়েছি। কারণ স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি। ওনার সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি কথাই হয়নি। কিছু মানুষের প্ররোচনায়, তাদের ভুল বোঝানোকে বিশ্বাস করে আমি এই কাজ করেছিলাম। যেদিন সবটা বুঝেছি, সেদিন থেকে চেষ্টা করেছি, কেস তুলে নেওয়ার। ভয়ের চোটে পারিনি। ফাইনালি সাহস করে কেস তুলে নিলাম। যা হয় হবে। আমার তো আর নতুন করে কিছু হারানোর নেই। কারা আমাকে দিয়ে এসব করিয়েছিল, সেসব নাম আমি বলছি না। ঝামেলা অশান্তি আমি আর চাই না। কাজ করতে চাই। আমার জন্য স্বরূপ বিশ্বাস অকারণে জেল খেটেছেন। কিছু না করেই এত বড় একটা বদনাম ওনার হয়েছে। আমি তার জন্য স্বরূপ বিশ্বাসের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে ছোটো বোন মনে করে আমাকে মাফ করে দেবেন। আপনার সঙ্গে খুব অন্যায় হয়েছে। আর আপনার যে ঘরশত্রু বিভীষণ অবস্থা, সে তো এখন ইন্ডাস্ট্রিতে সবাই জানে।”

Be the first to comment