১৪৪ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ২০৯

কোথায় বসবেন বাকি কাউন্সিলররা, ভেবেই ঘুম উড়েছে কলকাতা পুর প্রশাসনের

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ছে। পুর পরিষেবার মান বজায় রাখতে ও শহর কলকাতার ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি মাসেই বিধানসভায় আসছে বিল। কোন কোন ওয়ার্ড ভাঙা হবে তাও মোটামুটি তৈরি। একদিনের ওই অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাসের বিল পাশ করাবে সরকার। তারপর হবে ভোট। সেই ভোটে জিতে আসবেন কলকাতা পুরসভার ২০৯ জন কাউন্সিলর। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু প্যাঁচে পড়েছে এবার পুর প্রশাসন। পুরসভার অধিবেশন কক্ষের যা অবস্থা তাতে ১৪৪ জনই কোনও মতে বসতে পারেন। তার ওপর এখন বসাতে হবে আরও বাড়তি ৬৫ জনকে। কোথায় বসবেন তারা? ভেবেই ঘুম উড়েছে কর্তাদের।

কলকাতা পুরসভার হেরিটেজ হাউজ হল বা অধিবেশন কক্ষটি ব্রিটিশ আমলের। তার ওপর ঘোষিত হেরিটেজ ভবন। ফলে সেই হল ভাঙাভাঙি করে অদলবদল করা আইনত সম্ভব নয়। তাহলে ওপায়? কোনও মহল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাহলে টাউন হলে মাসিক অধিবেশনগুলির আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে জায়গার সমস্যা মিটলেও দু’জায়গার টানাপোড়েনে অন্য সমস্যা হতে পারে। সবমিলিয়ে কর্তারা এখন বর্তমান অধিবেশন কক্ষের মধ্যেই সমাধানের রাস্তা খুঁজছেন।

পুর প্রশাসনের একাংশের প্রস্তাব, অধিবেশন কক্ষে বর্তমানে থাকা চেয়ারগুলি তুলে দিয়ে বেঞ্চ বা সোফা জাতীয় কিছুর ব্যবস্থা করা গেলে লম্বা জায়গায় একসঙ্গে অনেকে বসতে পারবেন। তাতে হেরিটেজ আইনেও আটকাবে না। তবে এর উল্টো মতও আছে। এর ফলে কক্ষের ঐতিহ্যবাহী লুকটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে বলে অনেকের মত। কেউ আবার পুর চেয়ারম্যানের আসনের উল্টোদিকে লোহার ব্যালকনি বানানোর প্রস্তাবও দিয়েছেন। সেটাই বা কতটা করা সম্ভব৷ সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তবে অধিবেশন কক্ষের বড় কোনও পরিবর্তন না করার পক্ষেই সিংহভাগের মত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*