অভয়ার ঘটনা, শেষ দেখে ছাড়বেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যার ঘটনার তিনি শেষ দেখে ছাড়বেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পরিস্কার জানিয়ে দেন। পানিহাটিতে অভয়ার স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্ষণ, খুন, মহিলাদের ওপর অত্যাচার এক সামাজিক ব্যাধি। দু-বছর আগের এই দিনের ভয়ঙ্কর স্মৃতি কোন দিন ভোলার নয়। দৃঢ়ভাবে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর যা করার তিনি করছেন। এর শেষ দেখে ছাড়বেন। এই ঘটনায় কোন ধর্ম, স্বজনপ্রীতি দেখা হবে না। কোন পক্ষপাতিত্ব করবেন না। চোখ বন্ধ করে যত কঠিন হওয়া যায়, সেটাই তাঁরা করবেন।
দু-বছর আগের এই চরম নৃশংস, মর্মান্তিক ঘটনার অভিঘাতে সারা দেশ স্তম্ভিত হয়ে গেছিল। আজ পানিহাটির এই অনুষ্ঠানেও ছিল গভীর বিষাদ।

অভয়ার বেদনাহত মা, বাবার উপস্থিতি, একমাত্র কন্যা সন্তানের স্মৃতিতে মা এর বক্তব্যে সকলের চোখই ছিল অশ্রুসজল। এমনকি মুখ্যমন্ত্রীকে দেখা যায় রুমাল দিয়ে চোখ মুছতে।
অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, তিনি একটা হীরে পেয়েও তা হারিয়েছেন। যে মেয়ে সব সময় তাঁর খোঁজ রাখতেন, এখন সারা রাত না খেয়ে থাকলেও সে আর খোঁজ নেয়নি। তাঁদের সাজানো বাগান এইভাবে শুকিয়ে যাওয়ার জন্য তিনি এলাকার তিন তৃণমূল নেতা নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব ব্যানার্জির দিকে অভিযোগের আঙুল তোলেন।।
আরও বলেন, তিনি অভয়া না, একজন চিকিৎসকের মা হিসাবেই থাকতে চান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, অভয়ার ঘটনায় সাংবিধানিক পদে থেকে তিনি বিস্তারিত মন্তব্য করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধে বলেন, তবে নারী নির্যাতনের মত চরম অবমাননাকর ঘটনাকে তিনি সাজানো ঘটনা, ছোট ঘটনা ইত্যাদি বলবেন না।
কেন অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করা হল সেই প্রশ্নের উত্তর মেলেনি। ব্যারাকপুর পুলিশ কমিশনার এই সব নিয়ে বিশেষ কমিটি গঠন করে তদন্ত করবেন বলে জানান।
অভয়ার নৃশংস ঘটনার তদন্তের দাবিতে যাঁরা আন্দোলন করেছিলেন, আজ পৃথকভাবে তাঁরা প্রকৃত অপরাধীদের গ্রেফতার, শাস্তির দাবিতে মিছিল, সমাবেশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*