প্রতিবেদন: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য। যা নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নেতাজির বিকৃত ছবি পোস্ট করা হচ্ছে। এর প্রতিবাদে এবার সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন তিনি।নেতাজিকে নিয়ে প্রথম প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয় ফরওয়ার্ড ব্লক-সহ অনেক দলই। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এর প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার আরও এক ধাপ এগিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন আইএসএফ বিধায়ক। আজ বুধবার বিধানসভার একদিনের অধিবেশন রয়েছে। তার আগে এই নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন নওশাদ। এখন তাঁর প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় কোনও আলোচনা হয় কি না, সেটাই দেখার। নিন্দা প্রস্তাব নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ কারও নাম না করে বলেন, নেতাজিকে নিয়ে যে ধরনের টিপ্পনী কাটা হচ্ছে, যেভাবে তাঁর চরিত্রহনন করার চেষ্টা হচ্ছে, এর প্রতিবাদ করছি। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁর সমালোচনা করতে গিয়ে কেউ কেউ তাঁকে প্রায় দেশদ্রোহীও বানিয়ে দিচ্ছে। এটা শুধু বাঙালির অপমান নয়, নেতাজির সংগ্রামকেও অপমান করা। এতে সমগ্র দেশবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। রাজ্য থেকে দেশ, সব সরকারই এই নিয়ে নীরব। এর নিন্দা করে এই প্রস্তাবটা জমা দিয়েছি।

Be the first to comment