রোজদিন ডেস্ক :
সনাতন হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে বিভিন্ন গ্রাম্য পুজো কমিটিকে প্রদান করা হল ‘প্রণবানন্দ হিন্দু সংস্কৃতি সেবা সম্মান’। একইসঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হয় শ্রীশ্রী চণ্ডী, গীতা এবং ঠাকুরের ছাতা।
আয়োজকদের বক্তব্য, গ্রামবাংলায় দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার ক্ষেত্রে স্থানীয় পুজো কমিটিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকার স্বীকৃতি দিতেই তাঁদের সম্মানিত করা হয়েছে। ধর্মীয় আচরণ ও সনাতন সংস্কৃতিকে আরও সুসংগঠিতভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্টজনেরা।
পাশাপাশি রবীন্দ্র অঞ্চলের বিভিন্ন প্রান্তের ৮০ জন প্রবীণ মানুষের হাতেও বস্ত্র ও গীতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী অন্নেষানন্দ, ব্রহ্মচারী খোকন মহারাজ, প্রধান, উপপ্রধান-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

Be the first to comment