- কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। শনিবার রাতে তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মেনে এই নিয়োগ।
- দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় পড়ুয়াদের হস্টেল নির্মীয়মাণ ভবন ভেঙে পড়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে ৪০-৫০ জন ছাত্র আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ‘যুদ্ধকালীন তৎপরতায়’ উদ্ধারকাজ চলছে।
- ইতিমধ্যে ধ্বংসস্তূপের নীচ থেকে ৬-৭ জন ছাত্রকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
- উত্তর সিকিমের মঙ্গন জেলার যে চুংথাং মহকুমা এলাকায় চ্যাকুং নদীতে ধস নেমে তৈরি হয়েছে অস্থায়ী লেক। ২০২৩ সালে এই চুংথাং-এই জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ভেসে গিয়েছিল ধস-হড়পা বানে। সেখানেই আবার বিপত্তি। পাহাড়ি নদী চ্যাকুং , যা তিস্তায় মিশেছে, সেখানে একটি অস্থায়ী লেকের জন্ম হয়েছে ধসের জেরে। তিস্তার জলপ্রবাহ অনেকটাই অবরুদ্ধ হয়েছে এই কারণে।
- পাহাড় থেকে ধস নেমে মিরিকের রংভঙ নদীতে তৈরি হয়েছে এক বিশালাকার কৃত্রিম লেক। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন জেলা প্রশাসন। কারণ নতুন করে ধস নেমে যদি কোনও ভাবে লেকের পাড় ভেঙে যায়, তবে মিরিকের নীচের অঞ্চলে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যার ফলে প্লাবিত হতে পারে নকশালবাড়ি থেকে কার্শিয়াং বনাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল।
- বিহারের আরা স্টেশনের কাছে লাইনচ্যুত আলিপুরদুয়ার-দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস। রবিবার ভোরে ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরেই ট্রেনের ইঞ্জিন, SLR এবং এইচ-১ কামরা লাইন থেকে নেমে যায়। সিগন্যালে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিভ্রাট বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
- পর্যটক পেটানোর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল মন্দারমণি থানার পুলিশ। পার্কিং নিয়ে ঝামেলার জেরে শনিবার বজবজের একটি পরিবারকে বেধড়ক মারধর করা হয়। বৃদ্ধ, মহিলা, শিশু— হোটেল কর্মীদের হাত থেকে রক্ষা পাননি কেউই। এই ঘটনায় হোটেলের ম্যানেজার নদিয়ার বাদকুল্লার বাসিন্দা ভাস্কর বিশ্বাস (৩৫) ও সিকিউরিটি গার্ড উত্তর ২৪ পরগনার বাসিন্দা সুব্রত ঘোষ (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
- রবিবার হুগলির একটি চানাচুর ফ্যাক্টরিতে অভিযানে গিয়ে বাধা প্রাপ্ত হলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। রীতিমতো খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের ধমক চমক দিলেন তারকেশ্বরের মুক্তারপুর এলাকার একটি কারখানার মালিক। আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
- এবার থেকে আর মিলবে না কাগুজে কুপন। তার পরিবর্তে ডিজিটাল টিকিট পাওয়া যাবে। অর্থাৎ মা তারার দর্শনে তারাপীঠ মন্দিরে আজ থেকেই চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা। কৌশিকি অমাবস্যায় ভক্তদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
- তৃণমূলের ফাঁসিদেওয়া -২ ব্লকের প্রাক্তন সভাপতি কাজল ঘোষ গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। শনিবার রাতে ফাঁসিদেওয়া থানার বিধাননগর এলাকায় নিজের হোটেলের সামনে থেকেই গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল নেতাকে।
- এক যুবককে আটকে রেখে তিন লক্ষ টাকার মুক্তিপণ দাবি। না দিলে কিডনি বেঁচে দেওয়ার হুমকি। তদন্ত নেমে কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের ধরল পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকা থেকে শেখ সাহিল এবং রবিউল গাইনকে গ্রেপ্তার করে পুলিশ।
- চিৎপুরের বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
- শাসনে বিক্ষোভের মুখে প্রাক্তন IPS হুমায়ুন কবীর। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে।
- জীবনতলায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ISF-র বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
- গভীর রাতে বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত চার। মৃতদের নাম পল্লব সাঁতরা, অনন্ত সাঁতরা, উজ্জ্বল বায়েন এবং বাপি রুই দাস। এ ছাড়াও গুরুতর জখম আরও এক। শনিবার বাঁকুড়া-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের জয়পুর থানার সলদা মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

Be the first to comment