প্রতিবেদন : সাময়িক স্বস্তিতে কালীঘাটপন্থী তৃণমূল শিবির। কারণ, আপাতত খালি করতে হচ্ছে না ক্যামাক স্ট্রিটের দফতর। শুক্রবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস খালি করতে দমকল বিভাগের দেওয়া নোটিশে অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও দমকল কর্তৃপক্ষকে ৪ সেপ্টেম্বর দেওয়া চিঠি কার্যকর করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এদিন তৃণমূলের আবেদন শোনার পর রায়দান স্থগিত রাখল আদালত। ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, ৯, ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের ৬ ও ৭ তলার তারা লিজগ্রহীতা, নির্দেশ মানতে প্রস্তুত, তবে চুক্তি অনুযায়ী অগ্নি নিরাপত্তার দায়িত্ব মালিকের। ছাদে বেআইনি নির্মাণ ও গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগ উঠলেও সিলিন্ডার সরানো হয়েছে বলেই দাবি তাঁর। তার পরও ২৫ আগস্ট লিজ বাতিল করা হয়। এনিয়ে সিটি সিভিল কোর্টে দেওয়ানি মামলায় বাড়ির মালিকের বাড়ি খালি করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এখন দমকল বিভাগ অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কথা বলে তৎপর হয়েছে। তারা বিল্ডিংয়ে তল্লাশি চালিয়ে ছাদে একটি অবৈধ কাঠামো এবং ৭ম তলায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার রাখা অবস্থায় পেয়েছে। আইনজীবীর দাবি, পুরো বিল্ডিংটি-ই অনিরাপদ হওয়া উচিত ছিল, কিন্তু অগ্নি নির্বাপণ বিভাগ শুধুমাত্র ৬ ও ৭ম তলাকে বিপজ্জনক ঘোষণা করেছে। যদিও আদালতে রাজ্য জানায়, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং এর কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। বাড়িমালিকের তরফে ইতিমধ্যেই লিজ বাতিল করা হয়েছে।

Be the first to comment