রোজদিন ডেস্ক: দেদার বয়স ভাঁড়ানোর অভিযোগ তুলে ২৪ ঘন্টা আগে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সিএবি প্রশাসনকে নিশানা করেছিলেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি। বিধানসভার সেই সাংবাদিক বৈঠকের পর চরম অস্বস্তিতে পড়ে সিএবি প্রশাসন। সেখানেই না থেমে রিতেশ তিওয়ারি গোটা ইস্যুতে সরকারি হস্তক্ষেপেরও দাবি জানান। পাশাপাশি সুয়োমোটো মামলা করে কলকাতা পুলিশকে তদন্তের অনুরোধ করেন তিনি। বলেন, সিএবি প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এর দায় এড়াতে পারেন না। তাঁর অভিযোগের জবাবে এবার সিএবিতে সাংবাদিক সম্মেলন ডেকে পালটা দিলেন সৌরভ। তিনি বলেন, বার্ষিক অনুষ্ঠানে যে সমস্ত পুরস্কার দেওয়া হয়, তা গত বছরের উপর ভিত্তি করে দেওয়া হয়। বয়স ভাঁড়ানো বন্ধ করতে ভারতীয় বোর্ড আধার আপডেট চালু করেছে। যাতে জাল জন্ম সার্টিফিকেট সহজেই ধরা যায়। বয়স ভাঁড়ানোর ঘটনা সিএবিই প্রথম খুঁজে বার করে বলেও দাবি করেন সৌরভ। তিনি বলেন, রোহিত যাদব এবং রবি কুমারের বয়সের গরমিল রয়েছে। জানতে পেরে আমরাই সেটা বোর্ডকে জানিয়ে ছিলাম। বয়স যাচাই করা নিয়ে সিএবির কঠোর নিয়ম রয়েছে। আমরা কিন্তু রোহিত যাদব বা রবি কুমার কাউকেই প্রাথমিক দলে রাখিনি। শুধু এই দু’জনই নয়, বহু প্লেয়ার যারা বয়স ভাঁড়িয়ে ধরা পড়েছে তারা বাদ পড়েছে। যারা এখনও ধরা পড়ছে, তাদের খেলতে দেওয়া হচ্ছে না। জোর দিয়ে বলতে পারি বর্তমানে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ বাংলা দলে একজন প্লেয়ারও নেই, যার বয়স নিয়ে অভিযোগ আছে। এর আগে বয়স ভাঁড়ানোর অপরাধে বাংলায় খেলা ৬২ জন ভিন রাজোর ক্রিকেটারকে নির্বাসিত করেছে সিএবি। সংস্থার সচিব আবার বলেছেন, পাঁচশো থেকে সাতশো ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছে। সিএবি প্রেসিডেন্ট বলেন, ভিনরাজ্যের ক্রিকেটাররা যারা বয়স ভাঁড়িয়েছে, তাদের ক্ষেত্রে কোনও রকম নমনীয়তা দেখানো হবে না। বাংলার ছেলেরাই বাংলায় খেলবে। স্থানীয় যারা বয়স ভাঁড়িয়েছে তাদের বাংলার কোনও বয়সভিত্তিক দলে রাখবে না সিএবি। কিন্তু লোকাল ক্লাব ক্রিকেট খেলতে বাধা নেই তাদের। সৌরভ আরও একবার জানিয়ে দেন, বয়স ভাঁড়ানোর ঘটনা সিএবি কোনও ভাবেই মেনে নেবে না। ধরা পড়লেই তাকে বাদ দেওয়া হবে।

Be the first to comment