প্রতিবেদন: সংশোধাগারের খাবার খেয়ে অসুস্থ ১৮ জন বন্দি। বসিরহাট উপ সংশোধনাগারের (Basirhat Sub Jail) ঘটনা। একদিকে বাসি, পচা খাবারের খোঁজে রেস্তোরাঁ, ফুডকোর্ট, রাস্তার ধারের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে প্রশাসন। কেজি কেজি পচা মাংস ফেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে সরকারই জেলবন্দিদের খাওয়াচ্ছে পচে যাওয়া অখাদ্য খাবার। যা খাওয়ার পর একসঙ্গে প্রায় ১৮ জন বন্দি অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট সাব জেলে। খবর পেয়ে জেলের ভিতরে পৌঁছয় চিকিৎসক দল। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়েছে। অসুস্থ বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাঁদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। এতে সুস্থ না হলে হাসপাতালে ভর্তি করাতে হবে।
এক সঙ্গে এতজন বন্দি অসুস্থ হয়ে পড়ায় খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ভাবে খাবারে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। ওই খাবারের নমুনা পরীক্ষা বা সংশোধনাগারের রান্নার পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর সংশোধনাগারের খাবারের মান ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে। সরকারি হাসপাতালগুলিতেও গা ঘিন ঘিন করা ছবি প্রকাশ্যে এসেছে। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের খাবার তৈরি করা হচ্ছে।

Be the first to comment