প্রতিবেদন: দুর্গাপুজোর সরকারি অনুদান পাওয়ার প্রক্রিয়ায় একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। চলতি থেকে পুজো অনুদান পেতে হলে পুজো কমিটির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হল। যে সব কমিটির নামে এখনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, তাদের তা দ্রুত খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, অনুদানের আবেদন করতে হলে পুজো কমিটির সভাপতি বা সম্পাদককে কমিটির লেটারহেডে আবেদনপত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। আবেদনের সঙ্গে কমিটির নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি ক্যানসেলড চেক এবং পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি জমা দিতে হবে। এ ছাড়াও গত বছরের পুজোর অনুমতিপত্রের কপি, গত বছরের পুজোর আয়-ব্যয়ের হিসাব, ২০২৬ সালের পুজো কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের ঠিকানা ও ফোন নম্বর নিজস্ব লেটারহেডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অনুদানের জন্য গত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। প্রশাসনের আশা, নতুন এই ব্যবস্থা অনুদান বিতরণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনবে।

Be the first to comment