রোজদিন ডেস্ক :
মেদিনীপুরের গড়বেতা, শালবনি, হাওড়ার বালি ইত্যাদি এলাকায় সিপিএমের একাধিক দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে সিপিএমের তরুণ নেত্রী দীপ্সিতা ধরের কর্মসূচির পরই ওখানে অন্তত চারটি কার্যালয়ে হামলা হয় বলে সিপিএম নেতা শঙ্কর মৈত্র অভিযোগ করেন। রাত এগারোটার পর মোটরবাইকে ৬০/৭০ এসে বালি, বেলুড়ের একের পর এক দলীয় কার্যালয় আক্রমণ করে ভাঙচুর চালায়।
মেদিনীপুর, শালবনিতে সিপিএমের সাতটি কার্যালয়েও গত দুদিনে হামলা, ব্যাপক ভাঙচুর করা হয়। কম্পিউটার, টিভি, পাখা ইত্যাদি লুঠ করা হয়। শালবনির কার্যালয়ে দলের প্রবীণ সর্বক্ষণের কর্মী শ্যাম পান্ডেকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গড়বেতার আমলাগোড়া তিন মাথার মোড়ে হাতুড়ি দিয়ে ভাঙা হয় লেনিন মূর্তিও।
সিপিএমের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই সব আক্রমণ চালাচ্ছে।
বিজেপির স্থানীয় নেতারা তা অস্বীকার করেছেন।
এই সব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment