রাধাষ্টমীতে বাগবাজার গৌড়ীয় মঠে সন্ধ্যারতিতে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে কলকাতার বাগবাজারে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় মঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছে রাধারানীর দর্শন করেন তিনি। এরপর মন্দিরে আয়োজিত সন্ধ্যারতিতে অংশ নিয়ে প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী।


রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে গৌড়ীয় মিশনের উদ্যোগে এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে রাধাষ্টমী মহোৎসব। সকাল থেকেই মঠ প্রাঙ্গণে ছিল ভক্তদের ভিড়। হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশেষ এই তিথি।


সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। মঠের সন্ন্যাসী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পর মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে আরতিতে অংশ নেন তিনি। পুষ্প, ধূপ ও প্রদীপের আরতির মধ্য দিয়ে রাধারানীর আরাধনায় সামিল হন মুখ্যমন্ত্রী। রাধাষ্টমীর আবহে সেই সময় মঠ চত্বর জুড়ে শোনা যায় হরিনাম সংকীর্তন।


সন্ধ্যারতির পর গৌড়ীয় মিশনের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এরপর গৌড়ীয় মিশনের সন্ন্যাসী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন গৌড়ীয় মঠের আচার্য্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*