রোজদিন ডেস্ক :
দল ও তাঁকে অস্বস্তিতে ফেলে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জেল হেফাজত বৃদ্ধি পেয়ে আগামী ৫ অক্টোবর হোল। আজ হলদিয়া ও কাঁথি আদালতে ভার্চুয়াল হাজিরা দেন তিনি। সেখানে তাঁর ৫ অক্টোবর অবধি জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ৬ অক্টোবর নন্দীগ্রামের উপ নির্বাচন।
দীর্ঘ উনিশ বছর আগের মামলায় গত শুক্রবার পুলিশ মিলন প্রধান কে গ্রেফতার করার পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজও এক বিবৃতিতে বিজেপি বিরোধী সব দলকে মিলন প্রধানের পক্ষে ভোট দিয়ে উপ নির্বাচনে তাঁকে জয়ী করার আর্জি জানিয়েছেন।
নির্বাচন কমিশনকে তোপ দেগে তাঁর অভিযোগ, এই সংস্থা এখন বিজেপির দলদাসে পরিণত হয়েছে। তাঁদের নেতা রাহুল গান্ধী সারা দেশে আপসহীন ভাবে ভোট চুরির বিরুদ্ধে লড়ছেন, যা শুধু রাজনৈতিক লড়াই না, সংবিধান বাঁচানোর লড়াই। রাজ্যের বিজেপি সরকারের আমলে সর্বত্র ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এনকাউন্টার, বুলডোজার রাজনীতি র মধ্য দিয়ে উত্তর প্রদেশের যোগী মডেলের রাজনীতি আমদানি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যে বিজেপি বিরোধী পরিস্থিতি জোরদার হচ্ছে বলে শুভঙ্কর সরকার জানান।
অন্যদিকে জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনজীবী মাসুদ মল্লিক জানান, ওঁর বিরুদ্ধে কতগুলি মামলা আছে, তা জানতে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, আগামীকাল মঙ্গলবার তার শুনানি হবে। কাঁথি আদালত আগামী ২৩ সেপ্টেম্বর মিলন প্রধানকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।
কংগ্রেসের আরও অভিযোগ, নন্দীগ্রামে দলের প্রচারেও শাসক দল ও পুলিশ বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে।

Be the first to comment