Removal of CEC, দাবিতে পাঁচ বামপন্থী দল সারা দেশে পথে নামছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ ও স্বাধীন নির্বাচন কমিশনের দাবিতে সারা দেশে পথে নামছে পাঁচ বামপন্থী দল। আজ সিপিআইএম, সিপিআই, সিপিআই (এম এল) আরএসপি ও ফরোয়ার্ড ব্লক এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা করেছে। এতে পাঁচ বিশিষ্ট বামপন্থী দলের পক্ষে স্বাক্ষর করেছেন এম এ বেবি, ডি রাজা, দীপঙ্কর ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য ও জি দেবরাজন।
জ্ঞানেশ কুমারকে অপসারণ, স্বাধীন নির্বাচন কমিশনের দাবিতে তাঁরা সম্মিলিতভাবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধি সারা দেশের সর্বত্র জমায়েত করবেন। তাঁরা শীর্ষ আদালতের পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশনার বাছাই পদ্ধতি চালু, বাছাই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেতার সঙ্গে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকেও রাখার দাবি করেছেন। তাঁরা বলেন, দুই নির্বাচন কমিশনার দশ মাসে চোদ্দ বার চিঠি দিলেও জ্ঞানেশ কুমার তা গ্রাহ্য করেননি। তাঁরা এসআইআর প্রক্রিয়া থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য ৬ নম্বর ফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন ও তুলেছেন। কিন্তু জ্ঞানেশ কুমার এককভাবে তাঁদের আপত্তি খারিজ করার তীব্র সমালোচনা করেন বাম নেতারা।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার যা নিয়ে আপত্তি জানিয়েছেন,প্রশ্ন তুলেছেন, দুই নির্বাচন কমিশনার ও তা নিয়ে আপত্তি করেছেন। এখন পরিস্কার বোঝা যাচ্ছে যে এস আই আর ও ভোটার তালিকা তৈরি তে স্বচ্ছ, বিকেন্দ্রীকৃত প্রক্রিয়া নিয়ে চলার দাবি একেবারে ভিত্তিহীন।
আগে কখনোই নির্বাচন কমিশনের বিশ্বাস যোগ্যতা ও স্বাধীনতা এত নীচু স্তরে নামেনি। জ্ঞানেশ কুমারকে এই সব নিয়ে জবাব দিহি করতে হবে, কারণ কমিশনের ওপর থেকে আমজনতার ভরসা চলে যাওয়ার জন্য তিনিই দায়ী বলে পাঁচ বামপন্থী নেতা মনে করেন।
অন্য সূত্রে খবর, জ্ঞানেশ কুমারকে ইমপিচ (তিরস্কার) করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি সক্রিয় হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*