প্রতিবেদন: ফের বিপাকে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী শিবির। পুজোর মুখে এসে কর্মচারিদের বেতন, অফিস ভাড়া-সহ অন্যান্য আনুষাঙ্গিক খরচা মেটাতে পারছে না তাঁরা। অভিযোগ, পুজোর আগে টাকা ছাড়ছে না আদালত নিযুক্ত স্পেশাল অফিসার প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের কমিটি। এমনই অভিযোগ তুলে ফের সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তারা। কালীঘাট তৃণমূল শিবিরের অভিযোগ, পুজোর আগে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া আটকে রাখা হয়েছে। তাদের তরফে দলীয় তহবিলের টাকা ব্যবহার করতে দেওয়ার আর্জি জানানো হয় আদালতে। সোমবার এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানায় তারা। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, পুজোর ছুটির পর আদালত খুললে এই মামলার শুনানি করা হবে। এই অবস্থায় আপাতত সমস্যার সমাধান কীভাবে হবে ভেবে পাচ্ছে না মমতা শিবির। কালীঘাট তৃণমূলের দাবি, স্পেশ্যাল অফিসার সুব্রত তালুকদার জানতে চেয়েছেন, শুধু উপনির্বাচনের জন্য তৃণমূলের নাম এবং প্রতীক ফ্রিজ করা হয়েছে কি না। যদি তা অনির্দিষ্ট কালের জন্য হয়ে থাকে, তবে তা স্পষ্ট ভাবে তাঁকে জানাতে বলা হয়েছে।

Be the first to comment