প্রতিবেদন: চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক পদপিষ্ট-কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শ করেই এই সিট গঠন করা হয়েছে। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে। সিটের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীকে। সদস্য হিসেবে রয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব, এসটিএফের ডিজি, রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি পদমর্যাদার এক প্রতিনিধি, স্বরাষ্ট্র দপ্তরের যুগ্মসচিব পদমর্যাদার এক প্রতিনিধি এবং এনডিআরএফের এক প্রতিনিধি। প্রয়োজনে আরও কোনও আধিকারিককে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও সিটকে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দুর্ঘটনার কারণ, অতিরিক্ত ভিড়, প্রতিকূল আবহাওয়া, গেট ও জনসমাগম নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা, মণ্ডপের কাঠামোগত নিরাপত্তা, সিসিটিভি ফুটেজ, পুলিশ, দমকল, পুরসভা, আয়োজক-সহ সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা খতিয়ে দেখবে সিট। পাশাপাশি ভবিষ্যতে উত্তর কলকাতার সরু এলাকায় বড় পুজোয় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া উচিত, সে সম্পর্কেও সুপারিশ করবে কমিটি।

Be the first to comment