রোজদিন ডেস্ক: দেশের প্রতিটি পরিবার যেন তিনদিনের খাবার ও পানীয় জল ঘরে মজুত করে রাখে। দেশবাসীর উদ্দেশ্যে এমনই পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। যা নিয়ে আপাতত গোটা ব্রিটেন সরগরম। সেই সঙ্গে জারি করা ওই অ্যাডভাইসরিতে দেশবাসীকে জরুরি অবস্থার জন্য তৈরি থাকার কথাও জানিয়েছেন ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে সরকারি সাহায্যের জন্য রেজিস্টার করার কথাও বলেছে সরকার। এই নতুন অ্যাডভাইসরি সম্প্রতি সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করে ইউকে সরকার। ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস পার্লামেন্টে এই নিয়ে মন্ত্রী পরিষদের তরফে একলিখিত বিবৃতি জমা দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে পোস্ট করা হয়েছে। এখন কেন এমন পরামর্শ দিল সরকার? জানা যাচ্ছে, ইউকে-র বর্তমান আবহাওয়া ভালো নয়। রয়েছে খরা ও বন্যার আশঙ্কা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ঝুঁকি, দীর্ঘদিন ধরে চলা দুই যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন ও ইরান-আমেরিকা, এর অন্যতম কারণ। এর আগেও পূর্বতন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও দেশবাসীকে এই ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যে চেক লিস্ট ঘুরছে তাতে পানীয় জল, শুকনো খাবার, হ্যান্ড স্যানিটাইজার, টর্চ, ব্যাটারি ও রেডিও সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই টর্চ লাইট, ব্যাটারি ও একটি রেডিও সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

Be the first to comment