রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভা-সহ আরও কয়েকটি পুরসভার আসন্ন নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের এত তাড়াহুড়ো কেন? মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে প্রশ্ন তুলল বিরোধীরা। কেএমসিতে একদিকে ১৪৪ থেকে বাড়িয়ে ওয়ার্ড সংখ্যা ২০৯ করা হয়েছে, অথচ বুথের কোনও চূড়ান্ত তালিকা নেই! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বিধানসভা ভোটের আগে এসআইআর প্রক্রিয়ায় যে হাজার হাজার বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তাঁদের ভোটাধিকার ফিরিয়ে না দিয়ে পিছনের দরজা দিয়ে পুরভোট সেরে ফেলার চেষ্টা। কিন্তু মঙ্গলবার দক্ষিণ কলকাতার জেলাশাসকের দফতরে আয়োজিত সর্বদলীয় বৈঠকে কমিশনের সেই চেষ্টায় সরাসরি জল ঢেলে দিল বিরোধীরা। এদিন একসুরে তারা জানিয়ে দিল যোগ্যদের ভোটাধিকার না ফিরিয়ে রাজ্যে কোনও পুরভোট করানো যাবে না।
কমিশনের ডাকা ওই বৈঠকে ২০৯টি ওয়ার্ডের বুথের খসড়া তালিকা প্রকাশ করা হলেও, বিরোধীরা সেই ফাঁদে পা দেয়নি। তাদের সাফ কথা, শুধুমাত্র বুথের তালিকা তৈরি করে আইওয়াশ করলে চলবে না। আসল প্রশ্ন হল, ভোটার তালিকা নিয়ে। যে লক্ষ লক্ষ বৈধ নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, অবিলম্বে তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। রাজ্য নির্বাচন কমিশন আগামী ১০ নভেম্বর বুথের চূড়ান্ত তালিকা প্রকাশ করে তড়িঘড়ি ভোটের বিজ্ঞপ্তি জারির যে পরিকল্পনা করেছে, তা আদতে ওই বাদ পড়া ভোটারদের পাকাপাকিভাবে বাদ দেওয়ারই ছক বলে দাবি বিরোধীদের। আশ্চর্যের বিষয়, ভোটার তালিকা সংশোধন নিয়ে এখনও পর্যন্ত টুঁ শব্দও করেনি রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। সেই তালিকা গ্রহণ করে বাদ পড়া ভোটারদের নাম যুক্ত করার পথে হাঁটলে স্বাভাবিক ভাবেই পুরভোটের সময়সূচি পিছোবে। কিন্তু সেটা চাইছে না কমিশন। ফলে আপাতত বলাই যায় বিতর্কিত ডিলিমিটেশন আর ভোটার তালিকার বৈধতা নিয়ে পুরনো খেলা, এই জোড়া ফলায় বিদ্ধ কলকাতা পুর ভোটের ভবিষ্যৎ।

Be the first to comment