রোজদিন ডেস্ক : ভরা পর্যটনের মরশুমে প্রায় মাসখানেক ব্যাহত হবে দক্ষিণ-পূর্ব রেলের আংশিক পরিষেবা। এই সময়ে সবমিলিয়ে মোট ৯০টি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের জন্য নভেম্বর, ডিসেম্বর মিলিয়ে একাধিক ট্রেন পরিষেবা বাতিলে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের চক্রধরপুর ডিভিশনের ঝাড়সুগুড়া প্যাসেঞ্জার ইয়ার্ডের পুনর্গঠন হবে। এর জেরে ৮টি ট্রেনের রুট পরিবর্তন এবং ৫টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে ট্রেন বাতিল থাকবে। হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার থেকে ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেনের পরিষেবা ব্যাহত হবে। রেলের তরফে প্রকাশিত তালিকায় রয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। নির্দিষ্ট দিনে বাতিল থাকবে হাওড়া-পুনে আপ ও ডাউন দুরন্ত এক্সপ্রেস। একইভাবে বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস।
এ ছাড়াও, শালিমার-ভুজ এক্সপ্রেস, শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস, হাওড়া-পুনে এক্সপ্রেস এবং হাওড়া-সিএসএমটি মুম্বই এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনও নির্দিষ্ট দিনে চলবে না। লোকাল ও মেমু পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়বে। বাতিলের তালিকায় রয়েছে ঝাড়সুগুড়া-সম্বলপুর মেমু, রাউরকেলা-ঝাড়সুগুড়া মেমু এবং হাতিয়া-ঝাড়সুগুড়া এক্সপ্রেসের মতো ট্রেন।
ট্রেন বাতিলের পাশাপাশি আটটি ট্রেনের নির্ধারিত যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। তালিকায় রয়েছে যোগনগরী ঋষিকেশ-পুরী কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, পুরী-যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, ভুবনেশ্বর-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।
পরিবর্তিত ব্যবস্থায় কয়েকটি ট্রেন ঝাড়সুগুড়া রোড, সম্বলপুর সিটি, আঙ্গুল এবং কটক হয়ে চলাচল করবে। অন্যদিকে কিছু ট্রেনের ক্ষেত্রে টাটানগর, ডাঙ্গুয়াপোসি, নয়াগড়, জখপুরা, ইচ্ছাপুরম ও বিশাখাপত্তনম হয়ে বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।
এই কাজের জেরে পাঁচটি ট্রেনের ক্ষেত্রে যাত্রাপথও ছোট করা হয়েছে।

Be the first to comment