প্রতিবেদন : বুলডোজার চালিয়ে উচ্ছেদ চলবে না। উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল-সমর্থিত রেল হকারদের ডেপুটেশন। পূর্ব রেলওয়ে ও দক্ষিণ-পূর্ব রেলের স্টেশন ও রেলের জমি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে সোমবার পূর্ব রেলের সদর দফতরে গিয়ে সংস্থার জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দিলেন উচ্ছেদ-হওয়া কয়েকশো হকার। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আইএনটিটিইউসির শীর্ষনেত্রী তথা সাংসদ দোলা সেন। ডেপুটেশনে মূলত চারটি দাবি জানিয়েছেন হকাররা। দাবিগুলি হল, তাঁদের বেঁচে থাকার অধিকার, পুনর্বাসনের অধিকার, ক্ষতিপূরণ পাওয়ার অধিকার এবং বিকল্প রোজগারের অধিকার। এদিন এই চারটি দাবি তাঁরা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে তুলে ধরেন। সাংসদ দোলা সেন, হকারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ট্রেনে টিকিট কেটে এই কর্মসূচিতে এসেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই। এর আগে শ্রীরামপুরের সভা থেকেও আমরা এই চারটি দাবি জানিয়েছিলাম। তার আগে আপনাদের নিশ্চয় মনে আছে, গত ১৭ জুন শুধু হকারদের উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় পথে নেমেছিলেন। কারণ, উনি হকারদের বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে কোনও হকার উচ্ছেদের বিরুদ্ধে ছিলেন। কিন্তু রাজ্যের বর্তমান সরকার আসার পর থেকে বুলডোজার চলছে যখন-তখন। বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ ও রেলবসতি উচ্ছেদ চলছে ব্যাপকভাবে। গত ১ জুন আমরা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে এসেছিলাম। আজ আবার তাকে গোটা ঘটনা জানিয়ে গেলাম। এ-ছাড়াও এই রাজ্যে থাকা রেলের বাকি দুই জেনারেল ম্যানেজারের কাছেও আমরা এই ডেপুটেশন পৌঁছে দেব। দোলা আরও বলেন, চাকরি না পেয়ে চুরি, ডাকাতি বা ভিক্ষে না করে এই মানুষগুলো নিজেদের পরিশ্রমে বেঁচে থাকার লড়াই করছেন। তাঁদের এভাবে উচ্ছেদ করা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে। ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই আমাদের জিততে হবে।

Be the first to comment