রোজদিন ডেস্ক :
২২ নভেম্বর ২০২৬, গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ WAVES Film Bazaar-এ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক ড. হিরণ চট্টোপাধ্যায়।

WAVES Film Bazaar-এ পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে আগত প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের সামনে রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রস্তাবিত চলচ্চিত্র নীতি, চলচ্চিত্র নির্মাণের জন্য দ্রুত শুটিংয়ের অনুমোদন, চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রস্তাবিত ভর্তুকি এবং রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

পাশাপাশি, অন্যান্য অংশগ্রহণকারী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের নিজ নিজ রাজ্যের চলচ্চিত্র নীতি, পরিকাঠামো এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন তিনি।

রাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রথমবার পশ্চিমবঙ্গ জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজারে অংশগ্রহণ করছে। পশ্চিমবঙ্গের এই অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র অনুরাগী, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। এই মঞ্চের মাধ্যমে বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং শুটিংয়ের উপযুক্ত গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গকে জাতীয় স্তরে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।


Be the first to comment