উপস্থিতি খাতায় ঢোকার সময় লেখা আছে, বেরোনোর সময়ের ঘর ফাঁকা! আচমকা পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির

Spread the love

সুস্মিত মজুমদার : 
প্রতাপপুর: পঞ্চায়েত কর্মীদের কর্মক্ষেত্রে উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিতি খাতায় কর্মীদের পঞ্চায়েতে প্রবেশের সময় লেখা থাকলেও বেরোনোর সময়ের ঘর ফাঁকা! সোমবার আচমকা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে এমনই ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। পঞ্চায়েত সচিব-সহ কর্মীদের রীতিমতো ধমক দিয়ে দায়িত্ব পালনের বিষয়ে সতর্ক করেন তিনি।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করছেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই ধারাবাহিকতায় সোমবার কোনও আগাম ঘোষণা ছাড়াই প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যান তিনি। পঞ্চায়েতে ঢুকেই প্রথমে কর্মীদের উপস্থিতি খাতা দেখতে চান। খাতা পরীক্ষা করতে গিয়েই নজরে আসে অসঙ্গতি। দেখা যায়, অধিকাংশ কর্মীর ক্ষেত্রে পঞ্চায়েতে প্রবেশের সময় উল্লেখ থাকলেও বেরোনোর সময়ের ঘর ফাঁকা রয়েছে।

এই ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন বিধায়ক। পঞ্চায়েত সচিব ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এই ধরনের কাজ কেন করছেন আপনারা? এর জন্য আমাকে সাধারণ মানুষের কাছে কথা শুনতে হচ্ছে। সরকার আপনাদের মানুষের পরিষেবা দেওয়ার জন্য বসিয়েছে। আর আপনারা যদি এভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন, তাহলে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুধু উপস্থিতি খাতা পরীক্ষা করেই থেমে থাকেননি বিধায়ক। পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের নথিপত্রও খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি পরিষেবা নিতে পঞ্চায়েতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ এবং পরিষেবা পাওয়ার অভিজ্ঞতার কথা শোনেন।

বিধায়কের আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে পঞ্চায়েত কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারি দফতরে কর্মীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না, এই বার্তাই দিতে চাইলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*