কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি রায়গঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীতলা এলাকার। অভিযুক্তের নাম দিলীপ ওরফে বিশ্বজিৎ দাস। খবর পেয়ে ঘটনাস্থানে যায় রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক বিশ্বজিৎ।
গতরাতে তুলসীতলার সমাজ সেবক সংঘে মহালয়া উপলক্ষ্যে একটি পিকনিকের আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। পিকনিক উপলক্ষ্যে পাড়ার সবাই সেখানে জমায়েত হয়। অভিযোগ, সেখানে সঞ্জীব দাস নামে স্থানীয় এক যুবক মদ্যপান করে গালিগালাজ করে। ক্লাবের এক সদস্য সঞ্জীবকে গালাগালি করতে নিষেধ করলে সে ওই ক্লাব সদস্যের উপর চড়াও হয়। কাউন্সিলর সাধন বর্মন সঞ্জীবকে বাধা দিতে গেলে দিলে সে সাধনবাবুর উপরেও চড়াও হয়। তখন সাধনবাবু তাকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেন।
এরপর সঞ্জীবের দাদা বিশ্বজিৎ এসে ঘটনাটি জানতে পারে। বিশ্বজিৎ পেশায় পুলিশ কর্মী। সে কর্মসূত্রে শিলিগুড়ির ডাবগ্রামে থাকে। অভিযোগ, আজ বাড়ি ফিরে ঘটনার কথা জানার পর বিশ্বজিৎ সাধনবাবুর বাড়িতে গিয়ে গালাগালি করে এবং সাধনবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির অ্যাকোরিয়ামে লাগে। সাধনবাবুর স্ত্রী ও মেয়েকে বিশ্বজিৎ মারধর করে বলে অভিযোগ। চিৎকার শুনে ঘটনাস্থানে যান স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় বিশ্বজিৎ
ঘটনার পর সাধনবাবু বিশ্বজিতের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক বিশ্বজিৎ। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Be the first to comment