পুজোর মুখে চন্দননগরে বড়সড় অস্ত্র কারবারের হদিশ পেল পু‌লিশ, গ্রেফতার ৩ দুষ্কৃতী

Spread the love
পুজোর মুখে চন্দননগরে বড়সড় অস্ত্র কারবারের হদিশ পেল পু‌লিশ। বৃহস্পতিবার রাতে রানিঘাট এলাকা থেকে অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করেই মেলে আরও অস্ত্রের খোঁজ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাপিন মণ্ডল, শেখ নুরউদ্দিন ও প্রণবেশ দে। প্রণবেশের বাড়ি চন্দননগরের সাবিনারা এলাকায়। তাদের জেরা করেই পুলিশ হানা দেয় ওই বাড়িতে। দোতলার একটি ঘর থেকে মেলে  চল্লিশ রাউন্ড গুলি, ম্যাগাজিন, বেশ কিছু সেভেন এম এম পিস্তল তৈরির যন্ত্রাংশ। এ সমস্ত অস্ত্র কোথায় বিক্রি করা হত খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গা পার হয়ে উত্তর ২৪ পরগনার দুষ্কৃতীরা এ পারে এসে অস্ত্র নিয়ে যেত বলে জানতে পেরেছে তারা। প্রণবেশের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রও তাদেরই হাতে তুলে দেওয়া হত বলেই অনুমান। ২০১৪ সালেও একবার অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করা  হয়েছিল প্রণবেশকে। তখনও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল তার বাড়ি থেকে। জেল থেকে ছাড়া পেয়ে পুরনো পেশাতেই ফিরে গিয়েছে সে। ভিনরাজ্যের অস্ত্র কারবারিদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে মনে করছে পুলিশ।
আজই ধৃতদের চন্দননগর আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া অস্ত্র কাদের হাতে তুলে দেওয়ার জন্য জমা করা হয়েছে সেটাই এখন খতিয়ে দেখছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা। সেই জন্যই ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*