ঘূর্ণিঝড় তিতলি’র দাপটে রাজ্যবাসীর যাতে কোনও সমস্যা সৃষ্টি না হয়, তার জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার পুজোর সময় বৃষ্টি হলে জল জমে শহরবাসীর যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে তৎপর হলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শহরের ৭৩ টি পাম্পিং স্টেশন ও নিকাশির সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করল কলকাতা পুরসভা।
শুক্রবার হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো উদ্বোধন করতে এসে এ কথা বলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তিতলি’র দাপটে যে বৃষ্টি হচ্ছে তাতে যেন শহরবাসীর কোনও সমস্যা না হয়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আর তাই প্রস্তুত রয়েছে পুরসভা।
তিনি বলেন, প্রত্যেক বছর গোটা রাজ্য, দেশ এমনকী বিদেশ থেকে কোটি কোটি মানুষ আসেন কলকাতায় ঠাকুর দেখতে ও পুজো উপভোগ করতে। কিন্তু পুজোর সময় বৃষ্টি হয়ে জল জমে যাতে তাঁদের কোনও অসুবিধার সৃষ্টি না হয়, তার জন্য শহরের ৭৩ টি পাম্পিং স্টেশন ও ওয়াটার লগিং পকেট, সব জায়গায় কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে বেহালার কথা টেনে আনেন মেয়র। তিনি বলেন, বেহালায় বেশ কিছু বড় পুজো উপলক্ষ্যে প্রচুর মানুষ আসেন। কিন্তু বৃষ্টিতে জল জমার পরিমাণ বেহালায় অনেক বেশি। সেরকম পরিস্থিতি যাতে না হয় তার জন্য সব পাম্পিং স্টেশন ও নিকাশির সঙ্গে যুক্ত সব কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এই কদিন ২৪ ঘণ্টা তদারকি করবেন তাঁরা।
বাইরে থেকে যেসব মানুষ কলকাতাকে ভালোবেসে পুজোর সময় এখানে আসেন, তাঁদের ভালোভাবে পুজো দেখার ব্যবস্থা করে দেওয়া প্রশাসনের প্রথম দায়িত্ব, বক্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। আর তাই জন্য কলকাতা পুরসভা সবসময় তৈরি আছে বলেই জানালেন তিনি।

Be the first to comment