মহাঅষ্টমী জানান দিচ্ছে পুজোর আনন্দ মধ্যগগনে৷ বাঙালির প্রাণের উত্সবে মাতোয়ারা গোটা রাজ্য৷ মহাসপ্তমীতে জনজোয়ার দেখেছে শহর৷ মহাঅষ্টমী কি ছাপিয়ে যাবে সপ্তমীর জনপ্লাবন? সকাল থেকেই মণ্ডপগুলিতে অঞ্জলি দেওয়ার ভিড়৷ তারপর ভোগ৷
পঞ্জিকা মতে, অষ্টমী তিথি শুরু হয়েছে মঙ্গলবার রাত ১০টা ১৬ মিনিটে৷ শেষ হবে আজ অর্থাত্ বুধবার দুপুর ১২টা ৪৯ মিনিটে৷ মহাঅষ্টমীর আরও একটি মূল আকর্ষণ হল কুমারী পুজো। দুর্গার অঙ্গরূপে অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পুজোর মূল লক্ষ্য। শাস্ত্রমতে, কুমারী পুজোর উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোর আয়োজন করা হচ্ছে৷ বেলুড়মঠে কুমারী পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন অসংখ্য মানুষ৷
বৃহদ্ধর্মপুরাণে আছে, দেবী অম্বিকা কুমারী কন্যারূপে দেবতাদের সামনে আবির্ভূত হয়ে বেলগাছে দেবীর বোধন করতে নির্দেশ দেন। তৈত্তিরীয় আরণ্যকে দেবীকে কুমারী নামে অভিহিত করা হয়েছে। দক্ষিণ ভারতে কন্যাকুমারীর মন্দিরে কুমারী প্রতিমার পুজো দেবীর নামের ঐতিহ্য বহন করছে, যেহেতু কুমারী পুজো তান্ত্রিক মতবাদের প্রতিফলন তাই ভারতের সব শক্তিপীঠেই কুমারী পূজা হয়।
দুর্গাপুজোর একটি বিশেষ অধ্যায় হল সন্ধিপুজো। এই পুজোর সময়কাল ৪৮ মিনিট। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট মোট ৪৮ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয়। যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগ স্থলে এই পুজো হয় তাই এই পুজো নাম সন্ধিপুজো অর্থাত্ সন্ধি-কালীন পূজা। এ বছর সন্ধিপুজো বেলা ১২টা০৩ মিনিটে৷

Be the first to comment