শহরে অটোচালকদের দাদাগিরির ঘটনা অব্যাহত। এ বার যাদবপুরে এক যুগলকে হেনস্থা ও মারধর করার ঘটনায় অভিযুক্ত হলেন এক অটোচালক।
শনিবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ঘটে এই ঘটনা। জানা গেছে, একটি স্কুটিতে চড়ে টালিগঞ্জের দিক থেকে যাদবপুরের দিকে যাচ্ছিলেন এক যুগল। ৮বি মোড়ের কাছে এক অটোচালক জোর করে স্কুটিকে দাঁড় করান। তারপর ওই যুগলকে মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনার পর যাদবপুর থানায় গিয়ে ওই অটোচালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাঁরা। অভিযগের ভিত্তিতে ওই অটোচালককে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। তারপরেই বিক্ষোভ শুরু করেন যাদবপুর-টালিগঞ্জ রুটের অটোচালকরা। মারধরের অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তাঁদের দাবি, দোষ ওই যুগলের। তাঁরাই রং রুট ধরে আসছিলেন। মাথায় হেলমেটও ছিল না। তাই তাঁদের দাঁড় করিয়ে সাবধান করেছিলেন ওই অটোচালক। বরং তরুণীর মা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাঁরাই অটোচালকের উপর হামলা চালান বলে অভিযোগ করেছেন অটোচালকরা।
গ্রেফতারির প্রতিবাদে যাদবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান অটোচালকরা। সহকর্মীকে ছাড়ার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন অটোচালকরা। বন্ধ রয়েছে যাদবপুর-টালিগঞ্জ রুটের অটো চলাচল। তার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
তবে এই প্রথম নয়। মাস খানেক আগেই যাদবপুরের সুলেখা মোড়ের কাছে এক বায়ুসেনা অফিসারকে মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন এক অটোচালক। ওই বায়ুসেনা আধিকারিকের বক্তব্য ছিল, সুলেখা মোড়ের কাছে হঠাৎ করেই তাঁর গাড়ি ঘেঁষে ব্রেক কষে অটো দাঁড় করান ওই অটোচালক। এই ঘটনার প্রতিবাদ করলে ওই বায়ুসেনা আধিকারিককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন ওই অটোচালক। এমনকী তাঁর হার পর্যন্ত ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

Be the first to comment