ফের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক

Spread the love
ফের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পান, বুলন্দশহর জেলার খুরজা শহরের এক যুবক পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত। শুক্রবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মহম্মদ জাহিদ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
তাঁর কাছে থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার মানচিত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এই সব মানচিত্র খুবই গোপন বলে জানিয়েছে পুলিশ। এগুলোই আইএসআইয়ের কাছে পাচার করতেন ওই যুবক বলে ধারণা পুলিশের। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি মোবাইল, ভোটার আইডি কার্ড, আধার কার্ড ও প্রায় আড়াই হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে জাহিদকে। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। জাহিদকে জেরা করে এর সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাঁর হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, এর মধ্যেই দু’বার নিজের আত্মীয়ের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিলেন জাহিদ। এ ভাবেই গুপ্তচরের কাজ চালাতেন তিনি।
কদিন আগে ডিআরডিও’র দফতর থেকে গুপ্তচরবৃত্তি ও ব্রাহ্মোস মিসাইল সম্পর্কিত তথ্য আইএসআইয়ের কাছে পাচার করার অভিযোগে নিশান্ত আগরওয়াল নামের এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করেই একের পর এক গুপ্তচরের খোঁজ পাচ্ছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*