ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো তামিলনাড়ুর অন্তত ৭ জেলায়, বন্ধ করে দেওয়া হলো স্কুল-কলেজ

Spread the love
গত শুক্রবারই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল সামুদ্রিক ঝড় ‘গাজা’। ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছিল উপকূলবর্তী অঞ্চলে বিস্তীর্ণ এলাকা। বেসরকারি হিসেবে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছিল। ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হল রাজ্যের অন্তত সাতটি জেলায়। দুর্যোগের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল স্কুল, কলেজ।
হাওয়া অফিস সূত্রে খবর, শক্তি বাড়িয়ে ফের নিম্নচাপের বৃষ্টি ও ঝোড় হাওয়ার দাপট দেখা দিতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুড্ডালোর, নাগাপট্টিনম, পুডুকোট্টাই, তাঞ্জাভুর, রামনাথপুরম, তিরুভারু, ভিল্লুপুরম-সহ পুদুচেরিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সরকারি সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর পরীক্ষার দিন বাতিল করেছে ম্যাড্রাস ইউনিভার্সিটি। তার বদলে কোন দিন পরীক্ষা হতে পারে সেটা খুব শীঘ্রই ঘোষণা করবে তারা। রাজ্যের অন্যান্য জেলাতেও স্কুল, কলেজের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী জানিয়েছেন, সাইক্লোন ‘গজ’-এর তাণ্ডবের পর ফের ক্ষয়ক্ষতি এড়াতে আগে থাকতেই সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই রাজ্যের সাতটি জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। দীর্ঘ সময় ধরে উপকূলবর্তী এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন। ভেঙে পড়েছিল বেশ কিছু টেলিকমিউনিকেশন টাওয়ার, মাটির বাড়ি, বড় গাছ। সরকারি ভাবে মৃতের সংখ্যা ১১ জানানো হলেও বেসরকারি ভাবে অন্তত ২৩ জনের প্রাণহানির খবর মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*