শোভনকে আইনি নোটিস পাঠালেন রত্না

Spread the love

যেমন কথা তেমন কাজ! স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবার অভিযোগের ডালি সাজিয়ে বসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। চব্বিশ ঘণ্টা কাটার আগেই শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস পাঠিয়ে দিলেন রত্না। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদলতে যাবেন বলেও জানিয়ে দিলেন মহেশতলার তৃণমূল বিধায়ক দুলাল দাসের কন্যা।

বুধবার, সন্ধে বেলা একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শোভন একের পর অভিযোগ তোলেন রত্নার বিরুদ্ধে। তাঁর সম্পর্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সব কথা রটেছে তার বাস্তব কোনও ভিত্তি নেই বলে জানিয়েছিলেন শোভন। শোভনবাবু অনেক দিন হলো বেহালার বাড়ি ছেড়েছেন। স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও করেছেন। তাঁর বিস্ফোরক অভিযোগ, বৈশাখীর জন্য তাঁর সংসার ভাঙেনি। সংসার ভাঙার পিছনে দায়ী রত্নার বিবাহবহির্ভূত সম্পর্ক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওরফে চিকু বলে এক ব্যক্তির সঙ্গে রত্না প্রেম করেন বলে জানান সদ্য প্রাক্তন মেয়র। বলেন, “আমি রাজনীতি করার জন্য সংসারে সময় দিতে পারতাম না। ২০১৬-র নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় জানতে পারি আমার স্ত্রী একটি কোম্পানি খুলেছেন। যার নাম জিসিআর প্রাইভেট লিমিটেড। জি ফর গোপাল, সি ফর চিকু এবং আর ফর রত্না। তারপর খোঁজ নিয়ে দেখি আমার বাড়িতে চিকুর অবাধ যাতায়াত। আমি প্রশ্ন করায় আমাকে রত্না বলেছিল, বেশ করছি চিকুর সঙ্গে প্রেম করছি। না পোষালে ডিভোর্স দিয়ে দাও।” শোভন বলেন, সে দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ‘এই সংসারে আর নয়।”
গোলপার্কের আবাসন থেকে দেওয়া সাক্ষাৎকার, বেহালার পর্ণশ্রীর বাড়িতে বসে দেখেছিলেন রত্না। রাতেই বলে দিয়েছিলেন, “ও একটা নোংরা লোক। বাইশ বছর ওর সঙ্গে সংসার করেছি এটা ভাবতেই ঘেন্না করছে।” রত্না জানিয়েছিলেন, চিকুর সম্পর্কে যে কথা শোভনবাবু বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। উত্তেজিত কণ্ঠে এ-ও বলেন, “ওকে সবার সামনে টেনে এনে কান ধরে ওঠবস করাবো।”
রত্নাদেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ক্ষমা না চাইলে কোর্টে দৌড় করাবো।” প্রসঙ্গত এর আগেও বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে রত্না বলেছিলেন, “বাইশ বছর সংসার করেছি। আগামী বাইশ বছর কোর্টে ছোটাব। দেখব ততদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ওর সঙ্গে থাকে কি না!” চিকু প্রসঙ্গে রত্না এ দিনও বলেন, “ও আমার ভাই হয়। আমার থেকে ১৫ বছরের ছোট। কতটা নীচ হলে একটা লোক এই রকম নোংরা কথা বলতে পারে।”
তবে সব দেখে অনেকেই বলছেন, রাজনীতি থেকে শোভনের দূরত্ব বাড়লেও, আদালতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে শোভনবাবুকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*