স্কুলের সামনে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৫ শিশু

Spread the love

স্কুলের সামনেই দল বেঁধে রাস্তা পার হচ্ছিল এক ঝাঁক খুদে পড়ুয়া। আচমকা ছুটে এল একটা গাড়ি। পিষে দিল গোটা দলটাকেই! খলবল করা শিশুকণ্ঠের আওয়াজ বদলে গেল আর্তনাদে। চার দিকে ছিটকে পড়ল দলাপাকানো ছোট ছোট শরীরগুলো।

বৃহস্পতিবার সকালে চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিওনিং প্রদেশের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কত জন শিশু মারা গিয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে অন্তত পাঁচটি শিশু ঘটনাস্থলেই মারা গেছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনার সময়ে তারা সকলেই রাস্তার পাশের ওই স্কুলের সামনে দল বেঁধে রাস্তা পার হচ্ছিল।
ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু করছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তার ভুল পাশ দিয়ে এগোচ্ছে গাড়িটি। এবং আচমকাই শিশুদের পিষে দিতে দিতে ঢুকে পড়ছে ওই খুদে পড়ুয়াদের মধ্যে। তার পরেই অন্য একটি ফুটেজে দেখা যাচ্ছে অন্তত দু’টি ছোট্ট শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়, রক্তে ভেসে যাচ্ছে তাদের শরীর।

ভয়ঙ্কর পথ দুর্ঘটনা যেন চিনের সাধারণ, নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। পরিবহণ কর্তৃপক্ষ কড়া নিরাপত্তা আইন প্রয়োগের চেষ্টা করেও সুরাহা হচ্ছে না। এই মাসের গোড়ার দিকেই, চঙকিং প্রদেশে একটি সেতু ভেঙে জলে পড়ে যায় বাস। মারা যান ১৩ জন। সেপ্টেম্বর মাসেই, হেংডং-এর হুনান প্রদেশের একটি শহরের জন সমাবেশে আচমকা গাড়ির ধাক্কায় মারা যান ১১ জন। তার আগে ফেব্রুয়ারি মাসে গ্যাস ট্যাঙ্ক এবং পেট্রল বোঝাই একটি ভ্যানে আগুন লেগে যায় এবং সেই জ্বলন্ত ভ্যান সাংহাইয়ের রাস্তায় পথচারীদের মধ্যে ঢুকে পড়ে। কমপক্ষে ১৮ জন আহত হয় এই দুর্ঘটনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*