গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তাণ্ডব নেদাবহড়ায়। টাঙ্গির কোপে গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী ।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের পাঁচ নম্বর নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত । অভিযোগ, এ দিন বোর্ড গঠনের শেষে বিজেপির লোকেরা তৃণমূলের উপর চড়াও হয় । দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। পুলিশ বাধা দিলে তাদেরও মারধর করা হয়। বানেশ্বর প্রামাণিক নামে এক পুলিশকর্মীকে টাঙ্গি দিয়ে কোপ মারা হয় । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও তিন থেকে চার জন পুলিশকর্মী ।
অশান্তির জেরে নেদাবহড়া গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত করা হয়। এই গ্রাম পঞ্চায়েতের মোট ছ’টি আসনের মধ্যেই ছটিতেই জয়লাভ করেছিল বিজেপি । তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য বিজেপির দুই পঞ্চায়েত সদস্য অসিত মাহাত ও বিষ্টু সিং তৃণমূলে যোগ দেন । বোর্ড গঠনের সময় বিজেপির ও তৃণমূলে সদ্য যোগদান করা উভয়পক্ষের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন । অবশেষে বোর্ড গঠন হয় । প্রধান নির্বাচিত হন বিজেপির মনিদীপা মাহাত ও উপপ্রধান নির্বাচন হয় বিজেপির দেবেন বাস্কে । বোর্ড গঠনের শেষে আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।
বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথি বলেন , “সব পঞ্চায়েত গুলিই আমাদের জেতা । কয়েকদিন আগেও আমাদের জেতা পঞ্চায়েত সদস্যদের বাড়িতে বোমাবাজি করে ও নানাভাবে ভয় দেখায় কিছু দুষ্কৃতী। পুলিশকে সেই অভিযোগ জানানো হয় । কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি।” তাঁর দাবি আজ নেদাবহড়া বোর্ড গঠনের পরেই ওই দুষ্কৃতীদের দেখতে পায় গ্রামবাসীরা । গ্রামবাসীরা দুষ্কৃতীরা উপর চড়াও হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশকর্মী আহত হন । এই ঘটনায় বিজেপি কোনওভাবে যুক্ত নয়। গ্রামবাসীরা প্রতিরোধ করেছে।
তৃণমূলের ঝাড়গ্রাম ব্লক সভাপতি রবীন্দ্রনাথ মাহাত জানান , বিজেপি থেকে জয়ী পঞ্চায়েতের চার জন সদস্য তৃণমূলে চলে আসেন । এবং যোগদান করার পর থেকেই তাঁদের বাড়িতে বিজেপির লোকেরা হামলা চালায় । তিনি বলেন, “আজকের বোর্ড গঠনের দিন তাঁরা বোর্ড গঠনে অংশ নিয়ে বেরিয়ে আসার সময় তির ধনুক, টাঙ্গি, ও অন্য আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হন । পুলিশ তাঁদের বাঁচাতে গেলে পাঁচ জন পুলিশ কর্মী আহত হন।”
ঘটনার পর থেকে পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকা এখনও থমথমে।

Be the first to comment