নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির সিল! ‘কর্তব্য এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা’, তোপ দাগলেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের চিঠি, আর তার নিচে জ্বলজ্বল করছে বিজেপির সিল। এই ঘটনায় তীব্র বিতর্কের জেরে কেরলে নির্বাচনের কমিশনের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানান কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই ঘটনায় ইতিমধ্যে সরব বিরোধী দলগুলি। এক্স হ্যান্ডলে এক পোস্টে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট ফাইলটি দেখভাল করা এক সহকারী সেকশন অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলিকে পাঠানো মূল চিঠির লিঙ্কও প্রকাশ করা হয়েছে, যেখানে বিজেপির কেরল ইউনিটের কোনও সিল ছিল না। জানা গিয়েছে, ২০১৯ সালের ১৯ মার্চ তারিখের ওই চিঠিতে প্রার্থীদের অপরাধের অতীত সংক্রান্ত কিছু নির্দেশিকা ছিল। সেটি ২১ মার্চ ইমেলের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়। বিতর্ক সামনে আসতেই কমিশন জানায়, চিঠিতে বিজেপির সিল থাকাটা সম্পূর্ণ একটি ‘ক্লারিকাল এরর’। কেরলের সিইও জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ভুল স্বীকার করে নেয় কমিশন। ২১ মার্চ উপ-মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ভুল চিঠি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় বিজেপি এবং কমিশনকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। চিঠি সহ একটি পোস্ট করে তিনি লেখেন, এই কারণেই বিচারবিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকাকে হালকা করা হচ্ছে। প্রধান বিচারপতিকে মুখ্য নির্বাচন কমিশনার বাছাই কমিটি থেকে সরিয়ে দেওয়া হল। আর বেশি দেরি নেই যখন দেখা যাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও রাজনীতির ছাপ দেখা যাবে। যাঁরা সংবিধান রক্ষার দায়িত্ব নিয়েছিলেন তাঁরাই আজ রাজনীতিতে নিজের স্বার্থ চরিতার্থ করতে উঠে পড়ে লেগেছেন। কর্তব্য এবং গণতন্ত্রের প্রতি এই বিশ্বাসঘাতকতাই প্রমাণ করে দিচ্ছে যে গোটা ব্যবস্থাই ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*