তপশিলি ভোটের লক্ষ্যে নয়া দাওয়াই অভিষেকের

Spread the love

প্রতিবেদন : তপশিলি জাতি, উপজাতি ভোটব্যাঙ্কের লক্ষ্যে দোলের পর নতুন কর্মসূচি তৃণমূলের। ৮৪টি তপশিলি জাতি, উপজাতি অধ্যুষিত বিধানসভায় বিশেষ প্রচার চালাবে দল। এর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। গাড়িতে ৩-৪জন থাকবেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তাঁরা। নজরুল মঞ্চের সভায় সোমবার এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন নজরুল মঞ্চে তপশিলির সংলাপ সমাবেশে কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তুলোধোনা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলের তফশিলি জাতি তফশিলি উপজাতি নেতাদের এদিনের সভামঞ্চ থেকে একাধিক বার্তাও দিলেন তিনি। তিনি বলেন, একের পর এক প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা। আবাস প্রকল্পে ৫ পয়সারও অবদান নেই কেন্দ্রের। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো ডবল ইঞ্জিন সরকার রাজ্যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের উপর অত্যাচারের পরিসংখ্যান তুলে তিনি বলেন, এটাই প্রমাণ বিজেপি ক্ষমতায় এলে তপশিলি জাতিদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, মানুষকে বোঝাতে হবে, বিজেপিকে ভোট দেওয়া ও খাল কেটে কুমির আনা এক। ভোটের পর এসসি, এসটি অধ্যুষিত ৮৪টি বিধানসভায় গিয়ে সবাইকে বোঝাতে হবে। আগামী ২ মাস তাঁদের সামনে তুলে ধরতে কী ভাবে ওই সম্প্রদায়ভুক্ত মানুষের উপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদের আসল রূপ দেখান। একজন এসসি, এসটি-কে রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি রাষ্ট্রপতি মুর্মুকেও ডাকা হয়নি। বাংলা থেকে জল নিয়ে যাওয়া মতুয়া ভাইদের অযোধ্যার রামমন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। তপশিলি জাতির ক্ষেত্রে নির্যাতন ও আক্রমণের ঘটনায় গোল্ড মেডেল উত্তরপ্রদেশ, সিলভার মেডেল রাজস্থান ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে মধ্যপ্রদেশ। এই তিন তথ্যই দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আদিবাসীদের উপর অত্যাচার মণিপুর, মধ্যপ্রদেশ ও রাজস্থানে বেশি হয়েছে। এরাও সেই ডাবল ইঞ্জিন সরকার।
তফশিলি মহিলাদের আশ্বাস দিয়ে অভিষেক বলেন, তপশিলি মহিলাদের দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কেন্দ্র টাকা দিক বা না দিক, রাজ্য আপনাকে টাকা দিচ্ছে। যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব গায়ের জ্বালা। বিজেপি এসআইআর করে লাইনে দাঁড় করিয়ে নাম কেটে দিয়েছে। আর তৃণমূল লাইনে দাঁড় করিয়ে ১৫০০ টাকা করে ভাতা দিয়েছে। মমতা সরকার দিচ্ছে আর মোদী সরকার নিচ্ছে। মোদী সরকার দেখাক গত পাঁচ বছরে বাংলার মানুষের জন্য দশ পয়সা দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। এরা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। উত্তরের যে সব জেলায় বিজেপি-র বিধায়ক-সাংসদ সেখানে গিয়ে দেখুন কেন্দ্র থেকে কটা টাকা এনেছে। পাঁচ বছর হয়ে গিয়েছে কিন্তু খুঁটি পুঁতে ১০ পয়সার বালবও জ্বালায়নি। আগামী ২ মাস প্রচার করবেন আপনারা। সবাইকে প্রচার চালাতে হবে। গ্রামে যাবেন, ঘরে যাবেন। আমাদের কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রচার করা। আত্মতুষ্টিতে ভুগলে হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*