কুলদীপ সেঙ্গারের জামিন, চুপ বিজেপি, তোপ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ
সেঙ্গার এখন জামিনে মুক্ত। তার ওপর যোগী মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভর ধর্ষিতা ও তাঁর মায়ের হেনস্তা নিয়ে প্রকাশ্যে রসিকতা করছেন। কিন্তু এরপরও নীরব বিজেপি। কোনও বিজেপি নেতার মুখ থেকে একটা শব্দও বের হয়নি, প্রতিবাদ তো অনেক দূর। এই অবস্থায় এবার গোটা ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাকে নিয়ে রসিকতা করছেন। আর এসব দেখে নীরব বিজেপি নেতা-নেত্রীরা। এটাই কি বেটি বাঁচাওয়ের বাস্তবতা? যখন একজন ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ান এবং মন্ত্রী রসিকতা করেন। তখন আমরা আমাদের প্রত্যেক কন্যা, প্রত্যেক মহিলা এবং প্রত্যেক পরিবারকে সুবিচার দিতে ব্যর্থ।”
এর আগে ২০১৭ সালের ৪ জুন গণধর্ষণের শিকার হন উন্নাওয়ের নির্যাতিতা। মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। নির্যাতিতার পরিবার পুলিশে অভিযোগ জানাতে গেলেও তা নিতে চায়নি বলে অভিযোগ ওঠে। এরপর চাপে পড়ে অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*