রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ-এর রাষ্ট্রীয় প্রেরণাস্থলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পাশেই শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়-এর মুর্তি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ অটলবিহারী বাজপেয়ীর ১০১তম জন্মদিনও। ৬৫ ফুট দীর্ঘ এই ব্রোঞ্জ মুর্তি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার জন্য তাঁরা গর্বিত বলে জানান। দেশের জাতীয় সংহতির ক্ষেত্রে এই ধারা পাঁচিল তুলে দাঁড়িয়ে ছিল বলে তিনি মনে করেন। ৬৫ একর জমির ওপর ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাষ্ট্রীয় প্রেরণা স্থলে জাতীয় নেতাদের অবদান নিয়ে বিশাল সংগ্রহশালা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখার্জিই দেশে আর্থিক স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনিই দেশকে প্রথম শিল্পনীতি দিয়েছিলেন, দেশের শিল্পায়নের ভিত্তি করেছিলেন।
কয়েক দশক আগে দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয়দের স্বপ্ন দেখিয়েছিলেন। সব শেষে থাকা মানুষদের মুখে হাসি ফুটলেই ভারতের প্রগতি মাপা যাবে বলে তিনি বিশ্বাস করতেন বলে জানান প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী-সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা বিশাল এই সংগ্রহশালা ঘুরে দেখেন।
অচিরেই এই সংগ্রহশালা পর্যটক-সহ সব মহলের কাছে আদৃত হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment