কী করেছে ডাবল ইঞ্জিন সরকার? বাঁকুড়ার পাত্রসায়র থেকে বিজেপিকে তোপ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সোনামুখীর পাত্রসায়রের উপচে পড়া জনসভা থেকে তিনি বলেন, আমি এখানে আসার আগে একটা থেকে ছবি পাচ্ছি, দলে দলে শুধু মানুষ আসছেন। ঘরের কাজ ফেলে এই রোদের মধ্যে আপনারা এসেছেন। যতদূর চোখ যাচ্ছে, মাথা আর মাথা। যাঁরা সভাস্থলে এসেছেন, তাঁরা যদি ২৩ তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়াফুলে বোতামটা টিপে দেন, তাহলে খেলা শেষ, ভোকাট্টা হবে বহিরাগত বিজেপি। তাঁদের জামানত জব্দ হওয়া কেউ আটকাতে পারবে না। যাঁরা বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছিল তাঁরা জবাব পেয়ে যাবে। বাঁকুড়ার প্রতিটি আসনে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। এরপর তিনি তৃণমূল প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, সোনামুখীর বিজেপির প্রার্থীকে কেউ চেনে না। তিনি জেতার আগে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা জানেন। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম তাঁর স্ত্রীর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম রয়েছে। ইন্দাসেও গতবার বিজেপি জিতেছে। দু’জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু মানুষের জন্য কী কাজ করেছে তাঁরা? বিজেপি বিধায়কদের শুধু টিভিতে কথা বলতেই দেখা যায়। মানুষের পাশে নেই তাঁরা। এলাকায় তিনি নিখোঁজ বিধায়ক বলেই পরিচিত। একটা স্টেডিয়াম করবে বলেছিল, কিন্তু ভোটে জেতার পর তাঁকে আর দেখা যায়নি।

ওই দুই কেন্দ্রে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, প্রথমে ইন্দাসের কথা বলবো। কারণ, এখানে একুশের ভোটে আমরা ৭ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলাম। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে আমরা ৯ হাজার ভোটে এগিয়ে ছিলাম। ইন্দাসে ২০১৫ সালে আকুই কমলাবালা মহিলা কলেজ তৈরি হয়েছে। রোল পঞ্চায়েতে কিসান মাণ্ডি হয়েছে, কর্মতীর্থ হয়েছে, রোল পঞ্চায়েতের ভগবতপুরে শালী নদিতে সেতু তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
সোনামুখীর ১৫টি ওয়ার্ডের জন্য ১৪ কোটি টাকা খরচ করে ২০১৩ সালে নফর ডাঙ্গা শালী নদীতে সেতু হয়েছে। ২০২৩ সালে সোনামুখীতে নতুন ফায়ার স্টেশন তৈরি করেছে আমাদের সরকার। ২০২২ সালে আইটিআই কলেজ হয়েছে। গ্রিন সিটি প্রকল্পে সোনামুখী আলোকসজ্জায় নতুন ভাবে সেজে উঠেছে। মা স্বর্ণময়ীর নামে সোনামুখীর নামকরণ, স্বর্ণময়ীতলাকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। পাত্রসায়র ব্লকে কিসান মাণ্ডি হয়েছে, প্রায় দেড়শো কোটি টাকা খরচ করে রাজ্যের উদ্যোগে সোনামুখী ব্লকের ডিকিপাড়া পঞ্চায়েতের নিত্যানন্দপুরে দামোদর নদে স্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এর ফলে বন্যায় আগে যে ক্ষয়ক্মতি হত, তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি রয়েছে।

আমাদের সরকার কী করেছে, আমি তার হিসেব দিলাম। কিন্তু এখানে তো ২ জন বিজেপির বিধায়ক রয়েছেন, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, এই আমার রিপোর্ট কার্ড, পারলে আপনারাও নিয়ে আসুন আপনাদের গত ১২ বছরের রিপোর্ট কার্ড। মুখোমুখি বসুন, মানুষ বিচার করবে। দিবাকর ঘরামি, সৌমিত্র খাঁ-রা তো সাংসদ আপনাদের কারও জন্য কেন্দ্র থেকে ১০ পয়সার কাজ আনতে পেরেছে এরা? মোদি বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেবে, পেয়েছেন কেউ? লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা বলেন, সেটা করে দেখান। ১০ বছর আগে রান্নার গ্যাস ৪০০ টাকা থেকে এখন হাজার টাকা, দুধের দাম ছিল ২৭ টাকা লিটার, এখন ৬২ থেকে ৬৫ টাকা, এই তো অবস্থা। এই পরিস্থিতি বদলের ডাক দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*