রোজদিন ডেস্ক : রাজ্যের বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃতভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। শুক্রবার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, টাকা দিয়ে বাইরের লোক, গুন্ডা আমদানি করছে বাংলার বদনাম করতে চায়। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি দিয়ে মরতাম। ভোটের আগে অমিত শাহের ১৫দিন বাংলায় এসে থাকার ইচ্ছেকে কটাক্ষ করে বলেন, তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কালিয়াচক কাণ্ডের পিছনে চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় নির্বাচনের আগে গুজরাত থেকে ট্রেন, বাসে করে লোক আনবে। সতর্ক থাকুন। মমতার কথায়, পরিকল্পিতভাবে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাইরে থেকে বাসে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল করে এই সব ঘটানো হচ্ছে বাংলায়।
কালিয়াচকের অশান্তির ঘটনায় ধৃত অভিযুক্তর পরিচয় তুলে ধরে তৃণমূলনেত্রী বলেন, মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিজেপির কথায়, ওদের টাকায় অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছিল। এনআইএ আসার আগেই বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে।মমতার অভিযোগ, বিহারের ভোটেও ঠিক একই ভাবে মিম-এর মতো দল ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করেছিল। কর্মীদের সতর্ক করে তৃণমূলনেত্রী বলেন, বাংলার বদনাম করা হচ্ছে। সংখ্যালঘুদের ক্ষেপিয়ে দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। চক্রান্ত করে সব অফিসারদের ট্রান্সফার করছে। অন্যান্য রাজ্যে ১০-১১ জনকে বদলি করেছে। আর বাংলায় ৪০০-র উপর রদবদল হয়েছে। বাসে করে বাইরে থেকে লোক আনছে। আর এদিকে পরিযায়ী শ্রমিকদের ফিরতে টিকিট দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছেকে কটাক্ষ করে বলেন, ভয় দেখাতে বলছে ১৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন রয়েছে।

Be the first to comment