রোজদিন ডেস্ক :
পশু জবাই নিয়ে নতুন রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিভ্রান্তি সৃষ্টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই বিষয়ে সংখ্যালঘু-সহ কোন সম্প্রদায়ের মধ্যে যাতে অযথা বিভেদ, মনোমালিন্য না হয় এর জন্য কিছু ব্যবস্থা নিতে তিনি আর্জি জানান।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর চৌধুরী বলেন, এই রাজ্য বহু সাংস্কৃতিক, বৈচিত্র্যময় রাজ্য। বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিজস্ব ঐতিহ্য, রীতিনীতি পালন করে আসছেন। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে নতুন সরকারি নির্দেশিকা ঘিরে এই সম্প্রদায়ের মানুষদের মনে গভীর উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
অধীর চৌধুরী জানান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতে দ্বিধা ও সমস্যা ছাড়া নিজেদের সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন, এর জন্য মধ্যপন্থার প্রস্তাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে তাঁর প্রস্তাব, মুর্শিদাবাদের মত সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে স্থানীয় প্রশাসন এমন কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত ও সীমানা নির্ধারিত করে দিক, যেখানে মানুষ তাঁদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন। এই সব জায়গা যেন শুধু সংশ্লিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনই তাঁদের প্রথাগত ও ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালনে ব্যবহার করতে পারেন। অধীর চৌধুরী র আশা, এই সংবেদনশীল, স্পর্শকাতর বলেন বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে হস্তক্ষেপ করবেন ও জেলা জুড়ে তৈরি হওয়া অস্থির, অস্বস্তিকর পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি করবেন।
উল্লেখ্য, গত ১৩ মে পশু জবাই নিয়ে সরকার এক বিজ্ঞপ্তি জারি করায় বিশেষ ভাবে সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন, অখুশি৷ ২০১৮ সালে আদালতের পর্যবেক্ষণ মেনে এই বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

Be the first to comment