কুম্ভ মেলার আগেই এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার কথা ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ

Spread the love
কুম্ভ মেলার আগেই এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার এলাহাবাদের সার্কিট হাউসে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ” সার্কিট হাউসে আগামী কুম্ভ মেলার প্রস্তুতির ব্যাপারে কথা হয়েছে। সেই সঙ্গে এলাহাবাদের নাম পরিবর্তন করা নিয়ে অখণ্ড পরিষদের দেওয়া প্রস্তাব নিয়েও কথা হয়েছে। উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।” তিনি আরও বলেন, ” আমরাও এই প্রস্তাব সমর্থন করেছি। শিগগির এলাহাবাদের নাম পরিবর্তন হয়ে প্রয়াগরাজ রাখা হবে।”
সূত্রের খবর মন্ত্রিসভার আগামী বৈঠকে এই ব্যাপারে সবুজ সঙ্কেত মিলবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কুম্ভ মেলার আগেই সমস্ত বকেয়া কাজ মিটিয়ে ফেলতে হবে। তিনি বলেন, ” এই কুম্ভ মেলায় বিদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আসবেন। দেশের প্রায় ৬ লক্ষ গ্রাম থেকে মানুষ আসবেন এই মেলায় অংশ নিতে। মেলাকে সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার প্রস্তুত আছে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের সব রকম সাহায্য করছে।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কুম্ভ মেলার সময় সাধারণ মানুষের যাতে কোনও কষ্ট না হয়, তার জন্য মিল্ক বুথ, জলের এটিএম, জলের ট্যাঙ্কার, কল, অস্থায়ী ব্যাঙ্ক, এটিএম মেশিন, মোবাইল টাওয়ার প্রভৃতি মেলার এলাকায় বসানো থাকবে। এছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে গঙ্গা নদী পরিষ্কার করার কাজ শেষ হয়ে যাবে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*