কলকাতা এসে প্রথমেই দক্ষিণেশ্বর দর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। এর মাঝেই কলকাতা এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রমুখ।

এখান থেকে অমিত শাহ সোজা চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে ভক্তিভরে মা ভবতারিণীকে পুজো দেন। বহু মানুষ তাঁকে দেখে উৎসাহিত, উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানান। এতে দৃশ্যত আপ্লুত অমিত শাহও।

সূত্রের খবর, গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহর গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

এখন অবধি পাল্লা ভারী শুভেন্দু অধিকারীরই। দলে যোগ দেওয়ার পর থেকে তাঁর অক্লান্ত পরিশ্রম, লাগাতার তৃণমূল বিরোধী আন্দোলন ইত্যাদি বিজেপিকে জনমানসে অনেক জনপ্রিয় করে তুলেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অত্যন্ত প্রিয়, আস্থাভাজন তিনি। মূলত তাঁর উৎসাহেই ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ২০২১ এ নন্দীগ্রাম ও এবার মমতা ব্যানার্জির শক্ত ঘাঁটি বলে পরিচিত ভবানীপুরেও তাঁকে হারিয়েছেন তিনি। যা তাঁর মুখ্যমন্ত্রিত্বের দাবিকে আরও জোরদার করেছে। বস্তুত আনুষ্ঠানিক ভাবে না হলেও এবার নির্বাচনে তিনিই ছিলেন দলের অঘোষিত মুখ। ভবানীপুরের মত গুরুত্বপূর্ণ, তৃণমূলের ঘাঁটি তে তিনি যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই এ মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন, তা নজিরবিহীন।

সূত্রের খবর, দক্ষিণেশ্বর মন্দির থেকে অমিত শাহ নিউ টাউনের হোটেলে গেছেন। সেখানেও দলীয় স্তরে বৈঠক করবেন। বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নতুন বিধায়ক রা পরিষদীয় নেতা নির্বাচিত করবেন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষক হিসাবে অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন। তাঁর সহকারী হিসাবে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

রাজ্যে এই প্রথম বিপুল জনমত নিয়ে সরকার গড়ছে বিজেপি।একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে শেষ মুহুর্তে বহু চমক দিয়েছে গেরুয়া শিবির। তাই শুভেন্দু অধিকারী র নামে সিলমোহর পড়বে ভেবেও সংশয়ের বাতাবরণ এখনও অনেকের মনে পুরোপুরি যায় নি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এর পরই পরিস্কার হয়ে যাবে কে বসবেন রাজ্যের মসনদে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*