রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতে কলকাতা এলেন।।শনিবার উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে তাঁর কর্মসূচি আছে।
তাঁর ব্যারাকপুর সফরকালে আর জি করের নির্যাতিতার মা বাবা দেখা করতে চেয়েই মেল করেছিলেন,তবে রাত অবধি কোন সাড়া না মেলায় হতাশ তাঁরা। চিকিৎসক তরুণী কন্যার ভয়ংকর ধর্ষণ, খুনের ঘটনার এখনও বিচার পাননি বলে তাঁরা মনে করেন। সিবিআই ঠিক ভাবে তদন্ত করেনি বলে জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা হলে নিজেদের দাবির কথা বলার ইচ্ছেও ছিল, কিন্তু এবার সেই আশা পুরণ হওয়ার আশা কম বলে মনে করছেন।
অন্যদিকে অমিত শাহকে স্বাগত জানাতে বিজেপির বহু নেতা বিমানবন্দরে যান। পরে রাতেই তাঁদের অনেকের সঙ্গে অমিত শাহ বৈঠক করেন বলে জানা যায়। সেখানে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ বহু নেতা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল, অভিমুখ ইত্যাদি নিয়ে তাঁদের আলোচনা হয়।
শনিবার সকালে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে চার সাংগঠনিক জেলার কর্মী সম্মেলন করবেন তিনি।ব্যারাকপুর, বনগাঁ, বারাসত ও বসিরহাটের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। এরপর যাবেন শিলিগুড়ি। সেখানে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-এর কর্মী সম্মেলনে যোগ দেবেন। শনিবারই শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে অমিত শাহ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তাঁর এই সফর বিশেষ উল্লেখযোগ্য বলে দল মনে করে। এরপর অমিত শাহ-সহ দলের আগমন লেগেই থাকবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
ভোটমুখি অসম থেকে অমিত শাহ কলকাতা এসেছেন। অসমের ডিব্রুগড়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানান। সম্প্রতি রাহুল গান্ধী অসমের সম্মানসূচক গামোসা গ্রহণ না করা নিয়ে বিতর্ক ছড়িয়েছে। এই নিয়েও বক্তব্য রাখেন অমিত শাহ।

Be the first to comment