প্রতিবেদন: আমাদের দিক থেকে লুকোনোর মতো কিছু নেই। বিজেপি সরকার জ্ঞানেশ কুমার ও এসআইআর ইস্যুতে সংসদে আলোচনা করতে পুরোপুরি তৈরি। আপনারা তৈরি থাকলে বলুন, আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। জ্ঞানেশ কুমারের পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচির কয়েক ঘণ্টা আগে উত্তরপ্রদেশের লখনউয়ের এক সভা থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং এসপি সুপ্রিমো অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে নতুন প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহী প্রস্তাবের জবাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি বিরোধী শিবির থেকে।
রাহুল ও অখিলেশকে খোঁচা দিয়ে শাহ বলেন, খেলায় কোনও দল যদি হেরে যায়, তবে তাদের উচিত বেশি করে অনুশীলন করা। কিন্তু এরা হার মেনে নেওয়ার বদলে আম্পায়ার (পড়ুন নির্বাচন কমিশন) এর ঘাড়ে ভোটচুরির অভিযোগ তুলছে। অমিত শাহ আরও অভিযোগ করেন, বিরোধী নেতারা সংসদে সুস্থ আলোচনায় অংশ নিতে চান না, উল্টে হট্টগোল ও হইচই করে অধিবেশন পণ্ড করতে চান। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার, দিল্লি এবং অসম, পশ্চিমবঙ্গের মতো একাধিক নির্বাচনে বিজেপির সাফল্যে বিরোধীরা বুঝে গেছে যে তারা আর জনতার রায়ে জিততে পারবে না, তাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে জনতার নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে।

Be the first to comment