রোজদিন ডেস্ক : সন্ত্রাসবাদই এখন দেশের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। আর এই সন্ত্রাসের মোকাবিলায় স্বল্প এবং দীর্ঘ মেয়াদী যুদ্ধ, এই দু’ধরনের পরিস্থিতির জন্যই ভারতকে প্রস্তুত থাকতে হবে। কয়েকদিন আগে আইআইটি বম্বের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশবাসীর উদ্দ্যেশে এই বার্তা দিলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান। দেশের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে বিশেষ কোনও দেশের নাম নেননি তিনি। কিন্তু পাকিস্তান এবং চিনের দিকেই নিশানা করেন তিনি। জেনারেল চৌহানের বক্তব্যে উঠে আসে, ভারতের দুই প্রধান প্রতিপক্ষের কথা। একজন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং অন্যজন পারমাণবিক অস্ত্রে সজ্জিত। এই পরিস্থিতিতে কৌশলগত ভারসাম্য ভাঙতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। বলেন, ভারতকে প্রস্তুত থাকতে হবে স্বল্প সময়ের অত্যন্ত তীব্র সংঘর্ষের জন্য। উদাহরণ হিসেবে ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযানের কথা টেনে আনেন। একই সঙ্গে সীমান্ত বিরোধের কারণে দীর্ঘস্থায়ী, স্থলভিত্তিক যুদ্ধের প্রস্তুতিও জরুরি বলে জানান তিনি। যদিও এমন পরিস্থিতি এড়ানোর ওপরই বারবার জোর দেন জেনারেল। অপারেশন সিঁদুর-এর ক্মেত্রে তাঁর দাবি, মাত্র চার দিনের ওই সংঘর্ষে একযোগে সব যুদ্ধক্ষেত্র সক্রিয় ছিল। প্রচণ্ড গতিতে অভিযান চালিয়ে ভারত সফল হয়েছে। ভবিষ্যতে এমন অভিযানের জন্য সেনা, নৌবাহিনী ও বায়ুসেনার পাশাপাশি সাইবার ও মহাকাশ শক্তির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হবে বলেও তাঁর অভিমত।

Be the first to comment