কলকাতা পুলিশের গাড়ি এনে বার করা হোল অরূপ বিশ্বাসকে

Spread the love

রোজদিন ডেস্ক :

ঘন্টাখানেকের বেশি চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির পর পুলিশের গাড়ি এনে বার করা হোল তৃণমূলের প্রাক্তন দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস কে। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৬ টা বেজে ১৬ মিনিট। আলিপুর আদালতের এক সেরেস্তায় ঘর অন্ধকার করে বসে আছেন অরূপ বিশ্বাস। বাইরে উত্তেজিত আইনজীবীদের ভিড়। অনেকের হাতে ডিম। সঙ্গে উচ্চ স্বরে চোর চোর ধ্বনি! যতক্ষণ অরূপ বিশ্বাস না বেরোবেন, তাঁরা ওখানেই থাকবেন ঠিক করেছেন। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে এক পুলিশ কর্মীকে দেখা যায়। আইনজীবীদের উত্তেজনা, বিক্ষোভের পারদ ক্রমেই চড়ছে। অনেকে শলাপরামর্শ করছেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। তাঁকে নিয়ে অজস্র টিকা টিপ্পনীর ঝড়। অনেক আইনজীবীকে তুমুল উত্তেজিতভাবে বন্ধ দরজা ধাক্কা দিতেও দেখা যায়।  সেরেস্তার জানলার একটি কাঁচও ভাঙে। সব মিলিয়ে নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি!

ঘড়িতে তখন ৬ টা ১৬ মিনিট। সেরেস্তার সামনে একেবারে দরজা ঘেঁষে কলকাতা পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। কোন রকমে উত্তেজিত আইনজীবীদের ডিম থেরাপির হাত থেকে তাঁকে বাঁচিয়ে গাড়িতে তুলল পুলিশ। এক সেকেন্ডও অপেক্ষা নয়। সাঁ করে গাড়ি বেরিয়ে গেল তাঁকে নিয়ে। তাঁকে লক্ষ্য করে ধেয়ে এল প্রচুর ডিম। যদিও তাঁর গায়ে না লেগে তা আছড়ে পড়ে পুলিশের গাড়িতে।

তিনি নিজেই সম্ভবত পুলিশকে ডাকেন।

এবার তাঁর গন্তব্য নিজের বাড়ি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*