নিশানায় সংখ্যালঘুরা, অসমের মুখ্যমন্ত্রীর পোস্টের নিন্দায় কংগ্রেস, তৃণমূল-সহ অন্যরা

Spread the love

রোজদিন ডেস্ক : সংখ্যালঘুদের নিশানা করে গুলি ছুঁড়ছেন তিনি, সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এমন একটি পোস্ট নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। শনিবার অসমের বিজেপি শাখার এই পোষ্টটি পরে তুলে নেওয়া হয়। যদিও এতে বিতর্ক থামেনি৷ এমন ঘৃণা সূচক পোস্টের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন মহল একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, যেভাবে খোদ মুখ্যমন্ত্রীর হাতে বন্দুক দিয়ে (এআই কৃত) সংখ্যালঘুদের নিশানা করা হয়েছে, তা অতীব নিন্দনীয়। এতে হিংসা ছড়াতে পারে বলে তাঁরা মনে করেন।
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রীর সংখ্যালঘুদের প্রতি একাধিক বিষোদগার নিয়ে ও চাঞ্চল্য দেখা দেয়। শনিবারের এ আই দিয়ে তৈরি এই ভিডিও এতে নতুন ইন্ধন জুগিয়েছে।
তৃণমূল এর সাংসদ সাগরিকা ঘোষ এর তীব্র নিন্দা করেন। যিনি এই লজ্জাজনক ভিডিও তৈরি করেছেন, অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি জানান। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে আর্জি জানান।
পোস্টটি সমাজ মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হলেও বিজেপি দায়িত্ব এড়াতে পারে না বলে জানান সাগরিকা ঘোষ। বলেন, ইউএপিএ ধারায় এর প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
কংগ্রেসের পক্ষেও এই পোস্টের তীব্র নিন্দা করে বলা হয়, হিংসা, গণহত্যায় উসকানি দিচ্ছে এই পোস্ট।
বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সমাজ মাধ্যমে এর বিরুদ্ধে সরব হয়েছেন।
উল্লেখ্য, অসমে বিধানসভা নির্বাচনের আগে একের পর এক ঘৃণা সূচক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তিনি পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছেন। গৌরব গগৈ এর ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ নয় বার পাকিস্তানে গেছেন বলে অভিযোগ। এই সব নিয়ে সিট গঠন করে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের হুঁশিয়ারিও দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*