সুরের জগতে নিভে গেল আশার আলো

Spread the love

রোজদিন ডেস্ক : সুরের জগতে নিভে গেল আশার আলো। বলিউড-সহ সারা দেশকে অশ্রুজলে ভাসিয়ে প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। গতকালই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে আজ সুরলোকে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা।

কয়েক যুগ ধরে বলিউড-সহ সারা দেশের গানের জগতে কার্যত একচ্ছত্র রাজ করে গেছেন তিনি। তাঁর অসাধারণ গায়কিতে মুগ্ধ ছিলেন আট থেকে আশি সকলেই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। সব রকমের গান যেমন গাইতেন, তেমন ছিল তাঁর সুন্দর, আন্তরিক ব্যবহারও। কলকাতা ছিল তাঁর প্রিয় শহর। প্রয়াত সুরকার, গায়ক রাহুল দেব বর্মণের সুযোগ্য সহধর্মিণীর বাংলা গানে মুগ্ধ ছিলেন না এমন মানুষ বিরল।
ব্যক্তিগত জীবনে বহু শোক সহ্য করেছেন, কিন্তু সংগীত ছিল তাঁর ধ্যান জ্ঞান, প্রাণের আলো। গান দিয়েই ঢেকে রেখেছিলেন জীবনের সব সুখ-দুঃখও।
পরিণত বয়েসে মৃত্যু, তবু কেউ তা মানতে পারছেন না।
দাদা সাহেব ফালকে-সহ নানা পুরস্কারে ভূষিত প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে আর নেই, তা ভাবতেই পারছেন না দেশবাসী। কয়েক বছর আগে দিদি লতা মঙ্গেশকর চলে গেছেন, এবার তিনিও চলে গেলেন।
আগামীকাল বিকেলে মুম্বাই-এর শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
দেশের প্রায় সব ভাষায় গান গেয়েছেন তিনি, তার মধ্যেই বেঁচে থাকবেন এই কিংবদন্তি গায়িকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*